করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক কামাল লোহানী (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কামাল লোহানী।
আজ শনিবার (২০ জুন) সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। এর আগে শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার বিকেলে কামাল লোহানীকে আইসিইউতে নেয়া হয়।
গত ১৭ জুন সকালে কামাল লোহানীকে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়। সেদিন এক ফেসবুক স্ট্যাটাসে তার ছেলে সাগর লোহানী জানিয়েছিলেন, তার বাবার অবস্থা কিছুটা স্থিতিশীল।
করোনায় আক্রান্ত কামাল লোহানী ফুসফুস ও কিডনির জটিলতা ছাড়াও হৃদ্রোগ ও ডায়াবেটিসের সমস্যাতেও ভুগছিলেন।
কর্মজীবনে কামাল লোহানী দৈনিক মিল্লাত পত্রিকা দিয়ে সাংবাদিকতার শুরু করেন। এরপর আজাদ, সংবাদ, পূর্বদেশ, দৈনিক বার্তায় গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
উদীচী শিল্পী গোষ্ঠী, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটেরও উপদেষ্টা কামাল লোহানী বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুবার মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি হিসেবে এবং ছায়ানটের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এই গুণী ব্যক্তিত্ব। ক্রান্তি শিল্পী গোষ্ঠীর অন্যতম প্রতিষ্ঠাতা তিনি।



