‘বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডকে প্রত্যন্ত এলাকার মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়া ও আগামীতে দলীয় কার্যক্রমে আরও স্বচ্ছতা নিয়ে আসার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক ত্যাগী ও দলের জন্য নিবেদিত নেতাদের নেতৃত্বে নিয়ে আসতে হবে।’ বলেছেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসরাফিল আলম।
শনিবার সন্ধ্যায় নওগাঁর রাণীনগর উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য বলেন, ‘যারা তৃণমূল পর্যায়ের নেতা ও কর্মীদের মূল্যায়ন করবেন, যারা নিজেদের পকেট ভারী করার কথা না ভেবে দল ও দলের কর্মীদের জন্য আর্থিক ভাবে সহায়তা প্রদান করবেন, এবারের সম্মেলনে কাউন্সিলের মাধ্যমে তাদেরকে সামনের সারিতে নিয়ে আসা হবে। এছাড়াও বিগত সময়ে বিভিন্ন জাতীয় ও স্থানীয় নির্বাচনে যারা দলের নির্দেশনাকে তোয়াক্কা না করে উন্নয়নের প্রতীক নৌকার বিপক্ষে কাজ করেছেন ও প্রার্থী হয়েছেন তাদেরকে সংশোধিত হয়ে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে দলের প্রতি মনযোগ দিয়ে কাজ করতে হবে।’
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন দলটির ভারপ্রাপ্ত সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু। সভায় আসন্ন উপজেলা আওয়ামী লীগের সম্মেলন সফল ও স্বার্থক করার লক্ষ্যে উপ-কমিটি গঠন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপদেষ্টা মন্ডলীর সদস্য ও প্রবীণ শিক্ষক গিয়াস উদ্দিন, মোফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জিএম মাসুদ রানা জুয়েল, মুক্তিযোদ্ধা এ্যাড. ইসমাইল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসনাত খাঁন হাসান, নাজমুল হোসেন, রেজাউল ইসলাম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান পিন্টু প্রমূখ।
এছাড়াও, উপজেলা আওয়ামী লীগের অন্যান্য সদস্যবৃন্দ, ৮টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকসহ অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



