শরীয়তপুর প্রতিনিধি ॥ শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার দুলারচর কমিউনিটি ক্লিনিক সময়মতো খোলা হয়না বলে অভিযোগ উঠেছে।
শনিবার সরেজমিন গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। কমিউনিটি ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত সিএইচসিপি ইব্রাহীম ক্লিনিক বন্ধ থাকার বিষয়টি স্বীকার করেছেন। স্বাস্থ্য পরিদর্শক ফজলুল হক এ ধরণের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের কথা জানিয়েছেন।
গতকাল শনিবার বেলা সাড়ে ১০টায় ভেদরগঞ্জ উপজেলার কাচিকাটা ইউনিয়নের দুলারচর কমিউনিটি ক্লিনিকে গিয়ে ক্লিনিক বন্ধ দেখা যায়। এ সময় স্থানীয় হতদরিদ্র রোগীরা ক্লিনিক বন্ধ দেখে ফিরে যাচ্ছিলেন। কমিউনিটি ক্লিনিকের পাশবর্তী দোকানদারের কাছ থেকে সিএইচসিপির ফোন নম্বর নিয়ে কল করলে ১১টার সময় তিনি ক্লিনিকে আসেন। এর পূর্বে ক্লিনিক বন্ধ দেখে চলে যান চিকিৎসা নিতে আসা দুলার চর গ্রামের আঃ কমির প্রধানিয়ার স্ত্রী পিয়ারা বেগম, কামাল বেপারীর স্ত্রী শিউলি বেগম সহ অনেকে।
শিউলী বেগম জানায়, আমি আমার আড়াই বছরের মেয়ে ফাতেমাকে নিয়ে ক্লিনিকে চিকিৎসা নিতে এসেছিলাম। পৌণে ১১টায়ও ক্লিনিক বন্ধ তাই চিকিৎসা না নিয়েই চলে যাচ্ছি।
সিএইচসিপি ইব্রাহীম বলেন, আমার বাড়ি ক্লিনিক থেকে দূরে হওয়ায় আসতে দেরি হয়।
স্বাস্থ্য পরিদর্শক ফজলুর রহমান বলেন, প্রধান মন্ত্রী প্রত্যন্ত অঞ্চলের মানুষের চিকিৎসা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক তৈরী করেছে। কোন অবস্থাতেই ক্লিনিক বন্ধ রাখা যাবে না। সকাল সাড়ে আটটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ক্লিনিক খোলা রাখতে হবে। অনিয়ম করলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।




