পুরো রাস্তা জুড়ে তারা ময়লা ফেলে রেখেছে। পরিচ্ছন্ন কর্মীদের তা তুলে আনতে সময় লাগে। এছাড়া আমরা এবার হটলাইনে বেশ সারা পেয়েছি। সময়মতো বর্জ্য পরিষ্কার করতে আমরা সফল হয়েছি। বললেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আবুল হাসনাত।
পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে সিটি করপোরেশন ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য পরিষ্কার করার আলটিমেটাম দিয়েছিল। কিন্তু ঈদের পর দিন সকালে মগবাজার ও নয়াটোলা এলাকায় রাস্তার পাশে বর্জ্য পড়ে থাকতে দেখা যায়।
এ ব্যাপারে তিনি বলেন, আমরা দুপুর ২টার মধ্যে পুরো নগরীকে পরিষ্কার করার প্রস্তুতি নিয়েছি। সকাল বেলা যেসব জায়গায় বর্জ্য ছিল সেগুলো এতোক্ষণে পরিষ্কার করা হয়েছে। তাছাড়া নয়াটোলা ও মগবাজার এলাকার লোকজন রাস্তার মধ্যে ময়লা ফেলে রাখে।
এবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রায় ২১ হাজার পরিচ্ছন্নকর্মী বর্জ্য অপসারণে কাজ করছেন। এছাড়া এবার নতুন সংযুক্ত ৩৬ ওয়ার্ডসহ ঢাকার দুই সিটি করপোরেশনে ১ হাজার ৫৪টি পশু জবাইয়ের স্থান নির্ধারণ করা হয়েছে।
দ্রুততম সময়ের মধ্যে কুরবানির পশু বর্জ্য অপসারণে দুই সিটির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। দ্রুত ও নির্ধারিত সময়েই বর্জ্য অপসারণে হটলাইন খোলা থাকবে এবং বর্জ্য অপসারণের প্রায় ৫ লাখ পলিথিন ব্যাগ সরবরাহ করেছে দুই সিটি কর্তৃপক্ষ।



