স্টাফ রিপোর্টার: দেশের সবকিছুই স্বাভাবিক রয়েছে ব্যবসা-বাণিজ্য এবং ব্যবসার পরিবেশ। গুলশান কিংবা শোলাকিয়ার ঘটনা দেশের অর্থনীতি এবং ব্যবসায় কোনো প্রভাব ফেলতে পারেনি।
বৃহস্পতিবার দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ দেশের চলমান বাণিজ্য পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। বৈঠকে দেশের বিশিষ্ট ব্যবসায়ী এবং ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের উন্নতি এবং অগ্রগতি থামিয়ে রাখতে বরং প্রোপাগান্ডা চালানো হচ্ছে। কিন্তু বাস্তব অবস্থা হচ্ছে, আগের মতো আমদানি-রপ্তানি হচ্ছে, বিনিয়োগ বাড়ছে।
তিনি বলেন, ‘অর্থনৈতিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতেই গুলশান ও শোলাকিয়ায় হামলা চালানো হয়েছিল। এর আগে ২১ আগস্ট গ্রেনেড হামলা, সিরিজ বোমা হামলা, টানা ৯৩ দিন অবরোধ রেখে জ্বালাও-পোড়াও কর্মসূচি- সবই দেশের অগ্রগতিকে বাধা করতে করা হয়েছিল। এখনো তারা অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে। কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি, দেশে আগের থেকে বেশি ভালো বিনিয়োগ ও ব্যবসার পরিস্থিতি বিরাজ করছে।’