রাজনৈতিক অঙ্গনে যখন একটা কঠিন সিদ্ধান্তের বিষয়—সেখানে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, ‘আমাদের অনেক বড় বড় অভিজ্ঞ নেতারাও কিন্তু অনেক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারেননি বা হয়তো একটা ভুল সিদ্ধান্ত দিতে গেছেন। সেখানে আমার মা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটাই নিয়েছেন। ’ বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শনিবার (৮ আগস্ট) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘যখন আমাদের নেতারা আব্বাকে জোর করছিলেন, আইয়ুব খান প্যারোলে নিয়ে গোলটেবিল বৈঠকে বসার জন্য। আমার মা সাথে সাথে নিষেধ করে বলেন, জনগণ আমাদের সাথে আছে। কাজেই তিনি যেন না যান। আমার বাবা যাননি। যার জন্য এই মামলা তুলে নিতে বাধ্য হয় আইয়ুব খান। সবাইকে মুক্তি দিতে বাধ্য হয়।
ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রদানের আগে বঙ্গবন্ধুকে বঙ্গমাতার পরামর্শের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘৭ মার্চের ভাষণের সময় অনেকে অনেক কিছু বলেছিল কিন্তু আমার মায়ের কথা স্পষ্ট ছিল—সারা জীবন কাজ করেছো তুমি। তোমার মনে যেটা আসবে সেই কথা বলবে। আজকে বিশ্বব্যাপী সেই ভাষণ মর্যাদা পেয়েছে। ইউনেস্কো প্রামাণ্য দলিলে স্থান পেয়েছে। ’
গণভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তন এবং গোপালগঞ্জের সঙ্গে গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানাসহ স্থানীয় জনপ্রতিনিধি সংযুক্ত ছিলেন।
বঙ্গমাতার ৯০তম জন্মদিন উপলক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০০ মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে ল্যাপটপ, দরিদ্র, অসহায় নারীদের মধ্যে ৩২শ’ সেলাই মেশিন এবং ১৩শ’ দরিদ্র নারীকে ‘নগদ’ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ২ হাজার টাকা করে প্রদান করেন।
অনুষ্ঠানে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন সাবেক কৃষিমন্ত্রী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী।
গণভবন প্রান্তে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তন প্রান্তে অন্যান্যের মধ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি, মন্ত্রণালয়ের সচিব কাজী রওশন আক্তার উপস্থিত ছিলেন।





