অন্তেন্ষ্টিক্রিয়া হইতে আরম্ভ করে দশ পুরক পিণ্ড, দশ পুরক মধ্যে চারটি একোদ্দিষ্ট, একাদশৈকোদ্দিষ্ট, মাসিক শ্রাদ্ধ, ষান্মাসিক দ্বয়, সাম্বৎসরৈকোদ্দিষ্ট, এইসব শ্রাদ্ধ কে প্রেত শ্রাদ্ধ বলা হয়। অক্ষার লবনাশৌচ থাকা কালিন জ্ঞাতি ভিন্ন অন্য কেউ ভোজন করার নিয়ম নেই। ব্রাহ্মণদের দ্বাদশ দিন পর্যন্ত অক্ষার লবনাশৌচ থাকে। তের দিনে নিয়ম ভঙ্গ হয় ঐ দিনে অন্যান্যরা ভোজন করিতে পারেন।
শাস্ত্র মতে, পিতৃপুরুষের উদ্দেশে দান-ধ্যান ও অতিথিভোজন অনুষ্ঠান হলো শ্রাদ্ধ। সাধারণত মৃত ব্যক্তির সন্তান বা আত্মীয়-স্বজনরা এ অনুষ্ঠান পালন করে থাকে। শ্রাদ্ধ প্রধানত তিন প্রকার, যথা— আদ্যশ্রাদ্ধ, আভ্যুদয়িক বা বৃদ্ধিশ্রাদ্ধ ও সপিণ্ডীকরণ। আদ্যশ্রাদ্ধ অশৌচ অবস্থার শেষ দিন মৃত ব্যক্তির আত্মার শান্তির উদ্দেশে আয়োজন করা হয়।
শ্রাদ্ধ হলো পিতৃঋণ পরিশোধের উপায়ের একটি অংশ এবং মৃত ব্যক্তির পারলৌকিক মঙ্গলের একটি উপায়। মৃত ব্যক্তির আত্মার সদগতির জন্য তার পুত্রদেরকে এই শ্রাদ্ধ করতে হয়। কারণ, কোনো ব্যক্তির সন্তান যদি না থাকে এবং তার মৃত্যুর পর তার উদ্দেশ্যে যদি পিণ্ডদান ও শ্রাদ্ধ অনুষ্ঠান না করা হয়, তাহলে সেই ব্যক্তির আত্মার সদগতি হয় না বলে বিশ্বাস করা হয়। তাই মৃত ব্যক্তির আত্মার সদগতির জন্য পিণ্ডদান এবং শ্রাদ্ধ অনুষ্ঠান করলেই হয়, তাহলে লোকজনকে খাওয়ানোর দরকারটা কী ?
বরাহ পুরাণে ১৮৮/৪, ৭-৮- একোদিষ্টং মনুষ্যাণাং চাতুর্বর্ণস্য মাধবি। মনুষস্যগণের মধ্যে শূদ্র, বৈশ্য, ক্ষত্রিয় এবং ব্রাহ্মন – চার বর্ণেরই পিন্ডদান বিধি একরূপ। পিন্ডের দ্রব্যাদিও চার বর্ণের জন্য একই। ১৩ দিনের দিন যেহেতু যমদূতেরা মৃতব্যক্তিকে নিয়ে যমালয়ে দিকে যাত্রা করে, তাই শ্রাস্ত্র সিদ্ধান্ত হলো – ১০ দিন অশৌচ পালন ও ক্ষৌরকর্ম, ১১ দিনে শ্রাদ্ধ বা পিন্ডদান ( একাদশী থাকলে ১২ দিনে) । ১৩ দিনের দিন যেহেতু যমদূতেরা মৃতব্যক্তিকে নিয়ে যমালয়ে দিকে যাত্রা করে, তবে ১৩, ১৫, ২০ অথবা ৩০ দিনে শ্রাদ্ধ বা পিন্ডদান করলে সেই পিন্ড খাবে কে?
শ্রাদ্ধবাড়িতে খাওয়ার অপকারিতা বোঝাতে বৈষ্ণব গুরুরা যে গল্পটি বলে, সেটি হলো-
এক সন্ন্যাসী পদব্রজে কোথাও যাচ্ছিলো, রাতে সে এক ব্রাহ্মণ বাড়িতে আশ্রয় গ্রহণ করে, খাওয়া দাওয়া করে এবং ঘুমিয়ে পড়ে। সেই ব্রাহ্মণ বাড়ির ঠাকুরঘরে ঠাকুরের মূর্তিতে ছিলো নানারকম সোনার অলংকার। সকালে ঘুম থেকে উঠে সেই ব্রাহ্মণ দেখে সেই সন্ন্যাসী আর নেই, ঠাকুর ঘরে গিয়ে দেখে ঠাকুরের মূর্তিতে সোনার অলঙ্কারও নেই। সেই সন্ন্যাসীই সেই অলঙ্কারগুলো চুরি করে নিয়ে গেছে, এটা ধরে নিয়ে সেই ব্রাহ্মণ, সেই সন্ন্যাসীকে ধরার জন্য দিকে দিকে কয়েকজন লোক পাঠায়।
ইতোমধ্যে কিছুদূর যাওয়ার পর সেই সন্ন্যাসীর সম্বিত ফিরে আসে এবং সে ভাবতে লাগে, আমি সোনার অলঙ্কারগুলো চুরি করে আনলাম কেনো, এটা তো আমার কর্ম নয়। এই ভেবেই সে সেই ব্রাহ্মণের বাড়ির দিকে আবার হাঁটতে শুরু করে, ইতোমধ্যে ব্রাহ্মণের পাঠানো লোকও তাকে দেখতে পায়, তারা সেই সন্ন্যাসীকে নিয়ে ব্রাহ্মণের বাড়িতে ফিরে আসে।
দেবমূর্তির সোনার অলঙ্কার সন্ন্যাসী চুরি করে নিয়ে গেছে, এই খবর গ্রামের মধ্যে প্রচার হওয়ার পর দলে দলে লোক ব্রাহ্মণের বাড়িতে এসে উপস্থিত হয় এবং তারা নানা আলোচনা সমালোচনার মাঝে সেই সন্ন্যাসীকে আসতে দেখে, তাকে মারতে উদ্যত হয়। এতে সন্ন্যাসী বলে, আমিই সোনার অলঙ্কারগুলো চুরি করে নিয়ে গিয়েছিলাম ঠিকই এবং এরা আমাকে ধরে আনে নি, আমি স্বেচ্ছায় ফিরে এসেছি, আমার আশ্রয়দাতা ব্রাহ্মণের কাছে আমার কয়েকটি প্রশ্ন আছে, সেগুলো জিজ্ঞেস করার পর আপনারা যা খুশি শাস্তি আমাকে দিতে পারেন।
সবাই সন্ন্যাসীর কথা শুনতে আগ্রহী হয় এবং এতে সন্ন্যাসী সেই ব্রাহ্মণকে জিজ্ঞেস করে, গতকাল রাতে আপনি যে আমাকে খাবার দাবার দিয়েছেন, সেগুলো কোথা থেকে সংগ্রহ করা ?
ব্রাহ্মণ বলে- গতকাল আমি এক বাড়িতে শ্রাদ্ধ করেছি, সেখান থেকেই ওগুলো পেয়েছি।
সন্ন্যাসী বলে- সেই শ্রাদ্ধ কার ছিলো ?
ব্রাহ্মণ বলে- সেই লোক খুব ভালো ছিলো না, সে এক চোর ছিলো, মাঝে মাঝে চুরি করতো।
সন্ন্যাসী বলে- আমার এই মতি বিভ্রমের কারণ এটাই। শ্রাদ্ধবাড়ির অন্ন আমাকে খাইয়েছেন এবং সেই শ্রাদ্ধ ছিলো এক চোরের। এই কারণেই চৌর্যবৃত্তি আমার ভেতরে জেগে উঠেছে এবং আমি চুরি করতে বাধ্য হয়েছি।
এটা শুনে ব্রাহ্মণ তার ভুল বুঝতে পারে।
এই গল্প ব’লে, বক্তারা এটা বোঝাতে চায় যে, শ্রাদ্ধ বাড়িতে খাওয়া যাবে না, খেলে যে লোকের উদ্দেশ্যে শ্রাদ্ধ করা হয়েছে, তার কর্মফলের ভাগ নিতে হবে এবং এই গল্পের মধ্যে চোরকে আনার উদ্দেশ্য হলো সাধারণ হিন্দুদের মনে গল্পের গভীর একটা প্রভাব ফেলা এবং এটা বিশ্বাস করানো যে শ্রাদ্ধ বাড়িতে খেলে চোর হয়ে যেতে হবে।
এখন এই গল্পের পোস্টমর্টেম করে দেখাচ্ছি যে এই গল্পটা আসলে সত্য কি না এবং এই গল্পের বিষয়বস্তু বাস্তব হতে পারে কি না ?
যারা এই গল্পটি বলে, তাদের কেউ কেউ বলে এটি পুরাণের গল্প, কিন্তু কোন পুরাণের গল্প সেটা বলে না বা বলতে পারে না, আবার কেউ বলে এই ঘটনাটি বাংলাদেশের হবিগঞ্জ জেলার। ফলে শুরুতেই গল্পের সোর্স নিয়ে একটি ধোঁয়াশা সৃষ্টি হয়, যেটি ইঙ্গিত করে যে গল্পটি মিথ্যা হতে পারে।
এই গল্পের ফোকাস পয়েন্ট দুটি- একটি হলো চোর ব্যক্তির শ্রাদ্ধ, অন্যটি হলো শ্রাদ্ধবাড়ির খাবার খেলে মৃত ব্যক্তির কর্মফলের ভাগ নিতে হয়।
এখানে প্রশ্ন হচ্ছে- যাদের শ্রাদ্ধ করা হয়, তারা সবাই কি চোর ? নিশ্চয় নয়। যাদের শ্রাদ্ধ করা হয়, তাদের মধ্যে ভালো মন্দ সব ধরণের মানুষই আছে এবং যে বৈষ্ণবরা মনে করে শ্রাদ্ধ বাড়িতে খেলে তাদের ধর্ম নষ্ট নষ্ট হবে বা তাদের আত্মার অধঃপতন হবে, তারাও কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে তারাও সবাই ১০০% ভালো মানুষ। তাহলে শ্রাদ্ধ বাড়িতে খেলে যদি মৃতব্যক্তির কর্মফলের ভাগ নিতে হয়, তাহলে ভালো কর্ম বা খারাপ কর্ম উভয়েরই ভাগ পাওয়া যাবে এবং সমাজে খারাপ মানুষের চেয়ে ভালো মানুষের সংখ্যাই বেশি, এই সূত্রে গড়ে সুকর্মের ফলই বেশি পাওয়া যাবে, তাহলে সমস্যা কোথায় ?
শ্রাদ্ধবাড়িতে খেলে কর্মফলের ভাগ নিতে হয়, এটা ধরে নিয়ে উপরের অনুচ্ছদটি লিখলাম, কিন্তু বাস্তবে কারো কর্মের ফল কেউ নেয় না বা নিতে পারে না, যার কর্মফল তাকেই ভোগ করতে হয়। তাহলে প্রশ্ন হচ্ছে মৃতব্যক্তির পুত্ররা কী জন্য শ্রাদ্ধ করে এবং কী জন্য শ্রাদ্ধ উপলক্ষ্যে গ্রামবাসী বা আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করে খাওয়ায় ?
লোকজনকে খাওয়ানো আসলে সামাজিক সহযোগিতার প্রতিদান। কোনো বাড়ির কোনো লোক মারা গেলে সেই বাড়ির লোকজন একা একা তার অন্ত্যেষ্টিক্রিয়া করতে পারে না, পাড়ার বা গ্রামের সকলে মিলে তাকে সমাধিস্থ বা দাহ করতে কেউ প্রত্যক্ষভাবে কেউ পরোক্ষভাবে সহায়তা করে, আবার কেউ শোকগ্রস্ত পরিবারকে সান্ত্বনা দিয়ে ঘুরে দাঁড়ানোর জন্য মানসিক শক্তি যোগায়। এই যে পাড়া প্রতিবেশি বা গ্রামবাসী বা আত্মীয় স্বজনদের সহানুভূতি বা সহযোগিতার মনোভাব, এই মনোভাবেরই প্রতিদান দেওয়া হয় তাদেরকে একবেলা ভরপেট খাইয়ে, যেহেতু কোনো কিছু খাওয়ানোর মাধ্যমেই লোকজনকে সবচেয়ে বেশি সন্তুষ্ট করা যায় এবং তাদের সহযোগিতা ও সহমর্মিতা আদায় করা যায় এবং এইভাবে একবেলা খেয়ে লোকজন যদি মৃত ব্যক্তির পুত্র কন্যাদের উপর সন্তুষ্ট হয়, তাহলে তাদের আশীর্বাদ ঐ পরিবারের এবং ঐ পরিবারের মৃত ব্যক্তিদের উপর বর্ষিত হয়, যেটা মৃত ব্যক্তির পরিবারের জন্য কল্যানকর এবং মৃত ব্যক্তির স্বর্গ প্রাপ্তি এবং আত্মার উন্নতির জন্য সহায়ক।
তাই শ্রাদ্ধবাড়িতে খেলে মৃত ব্যক্তির কর্মফলের ভাগ নিতে হয়, এটা একটা বোগাস কথা। কারো কর্মফলের ভাগ কাউকে নিতে হয় না। বরং বাড়িতে নিমন্ত্রণ করে নিয়ে এসে লোকজনকে সেবা দিয়ে তাদেরকে সন্তুষ্ট করতে পারলে, তাদের আশীর্বাদ মৃত ব্যক্তি এবং তার পরিবারের উপর বর্ষিত হয়, যেটা মৃত ব্যক্তির পুত্র কন্যারা তাদের পূর্বপুরুষ এবং নিজেদের জন্য অর্জন করে, এই সিস্টেমের মাধ্যমে তারা কারো কাছ থেকে তাদের পূণ্যকে ছিনতাই করে না বা কাউকে তাদের পিতার কর্মফলকে চাপিয়ে দেয় না।
ধর্মগুরু শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজী বলেছেন,- “শ্রাদ্ধান্ন যেহেতু প্রীতান্ন বা আপদান্ন কোনটাই নয়, তাই তা গ্রহণ করা অবিধেয়”। অর্থাৎ শ্রাদ্ধের অন্ন কারও গ্রহণ করা উচিৎ নয়। কেননা সে ভালবেসে, আদর করে কাউকে এখানে খেতে দিচ্ছে না, তাই এটা প্রীতান্ন নয়। আবার সমাজের কেউ এমন বিপদেও পড়েনি যে এই খাবার না খেলে সে মারা যাবে, তাই এটা আপদান্নও নয়। তাই কেন আমরা এই শ্রাদ্ধান্ন, শোকের অন্ন গ্রহণ করবো? এই সময়ে সবার উচিত শোকগ্রস্থ, বিপদগ্রস্থ পরিবারকে সান্তনা দেওয়া, তাদের সাহায্য করা। কিন্তু যেখানে সমাজের উচিত শোক সন্তপ্ত পরিবারকে সান্তনা দেওয়া, তাদের এই মহা বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, তা না করে তাদের এই বিপদের সুযোগ নিয়ে তাদের নির্মম ভাবে শোষণ করা হচ্ছে শত শত বৎসর ধরে।