চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে ক্লাব ব্রুগার মাঠে দেখা গেল এক রোমাঞ্চকর রাত। তিনবার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৩-৩ ব্যবধানে ম্যাচ ড্র করল বার্সেলোনা। লামিনে ইয়ামাল উপহার দিলেন ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় গোলগুলোর একটি।
০৬ নভেম্বর, ২০২৫ ম্যাচের মাত্র ছয় মিনিটেই জ্যান ব্রেইডেল স্টেডিয়ামে সবাইকে চমকে দিয়ে এগিয়ে যায় ক্লাব ব্রুগা।
বার্সার অফসাইড লাইন সহজেই ভেদ করে কার্লোস ফোর্বস বল বাড়িয়ে দেন নিকোলো ত্রেসোলদিকে, সহজ গোল করে ব্রুগাকে লিড এনে দেন এই জার্মান স্ট্রাইকার। তবে দুই মিনিট পরই ফেরান তোরেসের নিখুঁত ফিনিশে সমতায় ফেরে বার্সা।
১৭ মিনিটের মাথায় আবারও কাউন্টার অ্যাটাকের সুযোগ কাজে লাগিয়ে ফোর্বস নিজেই গোল করে স্কোরলাইন ২-১ করেন। এরপর প্রথমার্ধে কুন্দে ও গার্সিয়ার শট পোস্টে লাগলেও ভাগ্য সহায় হয়নি কাতালানদের।
দ্বিতীয়ার্ধে ছন্দে ফেরে বার্সা। ৬১ মিনিটে লামিন ইয়ামালের দুর্দান্ত দৌড় ও ফেরমিন লোপেজের ব্যাক-হিল পাস থেকে করা গোলে সমতায় ফেরে অতিথিরা। কিন্তু খেলার গতি থামার সুযোগ ছিল না, দুই যমিনিট পর আবারও ব্রুগাকে এগিয়ে নেন ম্যাচের নায়ক ফোর্বস।
৭৭ মিনিটে ইয়ামালের ক্রসে ব্রুগা ডিফেন্ডার ক্রিস্টোস জোলিস আত্মঘাতী গোল করলে আবারও সমতায় ফেরে বার্সেলোনা।
১১তম স্থানে থাকা বার্সেলোনার জন্য এটি হতাশাজনক হলেও ২২তম স্থানে থাকা ব্রুগার জন্য ফলটা স্বস্তিদায়কই।
২১ বছর ২৩১ দিনের কার্লোস ফোর্বস সৃষ্টি করেছেন নতুন ইতিহাস। বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে গোল ও অ্যাসিস্ট করা সবচেয়ে কমবয়সী খেলোয়াড় এখন তিনি, ভেঙেছেন ডেভিড বেকহামের ১৯৯৮ সালের রেকর্ড।
যোগ করা সময়ে রোমিও ভার্মান্ট গোল করলেও ভিএআর সিদ্ধান্তে তা বাতিল হয়ে যায়।