প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও উদ্যোক্তা তৈরি করতে শেরপুরে শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার প্রতিষ্ঠা করা হবে। বললেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
প্রতিমন্ত্রী আজ শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সভা কক্ষে শেরপুর জেলাধীন শেখ রাসেল ডিজিটাল ল্যাব, ভাষা প্রশিক্ষণ ল্যাবের মনিটরিং কর্মকর্তা (ইউএনও), আইসিটি ও কম্পিউটার শিক্ষক, ইউডিসি উদ্যোক্তা এবং আইসিটি বিভাগ কর্তৃক বাস্তবায়িত ইনফো সরকার প্রকল্প ফেইজ-৩ এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।
তিনি আইসিটি শিল্পের উন্নয়নে ২৮টি হাই-টেক পার্ক প্রতিষ্ঠাসহ সরকারের বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষদের উদ্যোক্তা তৈরি করতেও সরকার বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে বলে তিনি উল্লেখ করেন।
প্রতিমন্ত্রী সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট সেবা সকলের নিকট পৌঁছে দেওয়ার কথা উল্লেখ করে বলেন, ২০২১ সালের মধ্যে সকল ইউনিয়ন উচ্চগতির ইন্টারনেট সংযোগের আওতায় আনা হবে। এ লক্ষ্যে সরকার ইনফো সরকার প্রকল্প-৩-সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে। বর্তমানে সরকারি ৫০০ সেবা অনলাইনে পাওয়া যাচ্ছে এবং আগামী তিন বছরে ২ হাজার সেবা অনলাইনে পাওয়া যাবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, সরকার শিক্ষার্থীদের প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে। প্রতিটি স্কুল, কলেজ মাদ্রাসার ইন্টারনেট ল্যাবগুলো শিক্ষার্থীরা বিকেল ৪টা পর্যন্ত ব্যবহার করার পর এলাকার বেকার যুবক-যুবতীরা কম্পিউটার প্রশিক্ষণ নিবে এবং স্বাবলম্বী হতে পারবে।
প্রতিমন্ত্রী গুজব বা মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে দলমত নির্বিশেষে সকলের প্রতি আহ্বান জানান। এর আগে প্রতিমন্ত্রী শেরপুর সদর উপজেলার হাই-টেক পার্কের প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেন।
শেরপুর জেলা প্রশাসক আনারকলি মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইনফো সরকার পেইজ-৩’র প্রকল্প পরিচালক যুগ্মসচিব বিকর্ণ কুমার ঘোষ, শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।