বিশেষ প্রতিবেদকঃ বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচন হলে কোনো রাজনৈতিক দল যেমন সে নির্বাচন মেনে নেবে না, তেমনি দেশের মানুষও ভোটকেন্দ্রে যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ আয়োজিত এক প্রতিবাদ সভায় বিএনপির এই নেতা এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘শেখ হাসিনার অধীনে নির্বাচনে কোনো রাজনৈতিক দল অংশগ্রহণ করা তো দূরের কথা, এ দেশের জনগণই তো ভোটকেন্দ্রে যাবে না। অর্থাৎ এ দেশের জনগণ তাঁদের প্রতি আস্থা পায় না। সুতরাং রাজনীতিতে দেশের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, জনগণের স্বার্থে এই ইগো পরিহার করতে হবে। এবং আমরাও বলব শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন বাংলাদেশে আর কোনো কালে হবে না।’
এ সময় দেশ ও জনগণের স্বার্থে শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে এ ধরনের সিদ্ধান্ত পরিহার করাতে আওয়ামী লীগের প্রতি আহ্বান জানান এই বিএনপি নেতা। তিনি বলেন, জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে বিএনপি আর কোনো নির্বাচন দেশে হতে দেবে না। ২০১৪ সালের ৫ জানুয়ারি একতরফা নির্বাচন করে সরকার যে অপরাধ করেছে ভবিষ্যতে সে অপরাধ আর করবে না বলেও আশা করেন তিনি।





