ক্রীড়া ডেস্ক: লা লিগার শিরোপা লড়াইটা বেশ জমে উঠেছে। গত শনিবারই অ্যাটলেটিকো মাদ্রিদকে পেছনে ফেলে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছিল বার্সেলোনা। একদিন পর আবার বার্সেলোনাকে সরিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে অ্যাটলেটিকো।
রোববার রাতে লিগের শীর্ষে ওঠার পথে সেল্টা ভিগোকে ২-০ গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। দিয়েগো সিমিওনের দলের পক্ষে একটি করে গোল করেছেন অ্যান্তোনি গ্রিজমান ও ইয়ানিক কারাসকো।
সেল্টা ভিগোর মাঠে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই (৪৯ মিনিট) অ্যাটলেটিকোকে এগিয়ে দেন গ্রিজমান। এবারের লিগে গ্রিজমানের এটা দশম গোল। আর সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে চতুর্দশ।
বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামা বেলজিয়ামের মিডফিল্ডার কারাসকো ৭৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে অতিথিদের জয়টাও নিশ্চিত করে ফেলেন। এরই সঙ্গে বার্সেলোনাকে অ্যাটলেটিকোর শীর্ষে ওঠাও নিশ্চিত হয়ে যায়।
বর্তমানে ১৯ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অ্যাটলেটিকো। দুই পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা। অবশ্য বার্সা এক ম্যাচ কম খেলেছে। আর অ্যাটলেটিকোর সমান ১৯ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।