চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নতুন আলিডাঙা এলাকার থেকে সাড়ে ৭ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ।
আটক তিনজন হলো শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের চর লক্ষ্মীপুরের ওয়াজেদ আলির ছেলে কাজল আলী (৩০), দুর্লভপুর ইউনিয়নের চর হাসানপুর গাইপাড়ার এজাবুল হকের ছেলে খাইরুল ইসলাম (৪৪) ও শিবগঞ্জ পৌরসভার নতুন আলিডাঙার একাব্বর আলির ছেলে নাইমুল আলী (৪৭)।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার মশিউর রহমান জানান, ইয়াবা কেনাবেচা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে থানা পুলিশের একটি দল শিবগঞ্জ পৌর এলাকার আলিডাঙায় অভিযান চালায়। এ সময় নাইমুলের বাড়ি থেকে সাড়ে ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাড়ির মালিক নাইমুলসহ তিনজনকে আটক করা হয়।
তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তিনজন ইয়াবা কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে।