মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের শার্শায় ৯৫ বোতল ফেনসিডিল ও একটি পালসার মোটর সাইকেল সহ রনি আহমেদ (২০) নামে একাধিক মাদক মামলার আসামীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে বাগআঁচড়া সাতমাইল এলাকা থেকে তাকে আটক করে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ। আটক রনি শার্শা থানার পাঁচভূলাট গ্রামের বাবুল গাজীর ছেলে।
বাগআঁচড়া ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, এক মাদক ব্যবসায়ী মাদকের চালান নিয়ে বাগআঁচড়া সাতমাইল এলাকায় অবস্থান করছে। এমন খবরে সেখানে অভিযান চালিয়ে ৯৫ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেল সহ তাকে আটক করা হয়।
আটকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালতে সোপর্দ করা হবে বলে তিনি জানান।





