শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরে ট্রাক চাপায় ফজলুল হক সরদার (৭০) নামে এক বৃদ্ধ মারা গেছে। মঙ্গলবার ভোরে শরীয়তপুর শহরের তুলাসার ঋষিপাড়া এলাকায় শরীয়তপুর-ঢাকা মহাড়কে এই দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকের হেলপার গুরুতর আহত হয়েছে। ট্রাক ও চালককে আটক করেছে পুলিশ। নিহত ফজলুল হক সরদার শরীয়তপুর পৌরসভার তুলাসার ঋষিপাড়া এলাকার মৃত আব্দুস সামাদ সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ফজলুল হক সরদার মঙ্গলবার ভোরে নিজ বাড়ি থেকে বের হয়ে ফজরের নামাজের জন্য শরীয়তপুর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্দেশ্যে রওয়ানা দেয়। বাড়ির সামনের মহাসড়কে আসলে যশোর থেকে ছেড়ে (যশোর-ট ১১-২০০৮) চালভর্তি একটি ট্রাক ফজলুল হক সরদারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। এ সময় ট্রাকটি সড়কের পাশের বিদ্যুতের খুটি সহ একটি দোকানে ধাক্কা খায়। এতে বিদ্যুতের খুটি ও দোকান সহ ট্রাকের সামনের অংশ ধুমড়ে মুচড়ে যায়। এ সময় ট্রাকটির হেলপাড় বনি আলম বাবু (১৬) ট্রাকের চাপায় আটকে পড়ে। ফায়ার সার্ভিস ও পুুলিশ প্রায় দেড় ঘন্টা প্রচেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক। ট্রাক ও ট্রাকের চালক মুন্নাকে পালং মডেল থানা পুলিশ আটক করেছে।
পালং মডেল থানার অফিসার ইনচার্জ মো. খলিলুর রহমান বলেন, এ ঘটনায় আমরা ট্রাক ও চালককে আটক করেছি। লাশের ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।



