সৈকত দত্ত, শরীয়তপুর থেকে: শরীয়তপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও আইনজীবীদের মধ্যকার বিরোধের জের ধরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বর্জন করেছে আইনজীবীগণ। অপর দিকে জেলা জজশীপ ও ম্যাজিস্ট্রেসির কর্মকর্তা ও কর্মচারীগণ কর্মবিরতি পালন করছে। তৃতীয়পক্ষ মামলার বাদী-বিবাদীগণ বিপাকে পড়ে ক্ষোভ প্রকাশ করছে। আইনজীবীগণ কবে আদালতে যাবে আর বিচার বিভাগীয় কর্মকর্তা-কর্মচারীরা কবে কলম বিরতি ভাঙ্গবে তাও জানা নাই কোন পক্ষের।
শরীয়তপুর আদালত পাড়ায় অবস্থান করে আইনজীবী ও আদালতের কর্মকর্তা-কর্মচারীদের মাধ্যমে জানা যায়, শরীয়তপুরে আইনজীবীগণ জরুরী সভা ডেকে ৩০ আগষ্ট মঙ্গলবার সিদ্ধান্ত গ্রহন করেছে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর অপসারন না হওয়া পর্যন্ত আদালত বর্জন করবে। তারই ধারাবাহিকতায় বুধবার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আইনজীবীদের স্বাক্ষরিত কোন আবেদন বা বাদী-বিবাদীর হাজিরা জমা হয় নাই। অপর দিকে জজশীপ ও ম্যাজেস্ট্রেসি আদালতের কর্মকর্তা-কর্মচারীগণদের উপর আইনজীবীদের অসম্মানজনক আচরণ ও বিচারকদের প্রতি অসৌজন্যমূলক ব্যবহারের প্রতিবাদে বুধবার সকাল সাড়ে ৮টা থেকে কর্মবিরতি পালন করছেন। তবে আইনজীবী ও বিচারকদের কোন্দলে মামলায় হাজিরা দিতে এসে হয়রানী হচ্ছে মামলার বাদী-বিবাদী ও হাজতী আসামীরা।
জেলা জজ আদালতের নাজির আঃ সালাম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুমার ও নাজির কমল চন্দ্র সরকার বলেন, আইনজীবীগণ তাদের স্বার্থ আদায়ের জন্য আদালতের পেশকার সহ কর্মকর্তা-কর্মচারীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে। জিআর-১৮৩/১৬ নং মামলার আসামী কাউসার ও সংগ্রামদের জামিন নামঞ্জুরের আদেশ নকল পাওয়ার জন্য আবেদন করে। আমরা হাই কোর্টের নির্দেশ মেনে জরুরী নকল সিরিয়াল ভেঙ্গে দিতে রাজি না হওয়ায় ও বিচারকের আদেশ পরিবর্তন না করায় বেঞ্চ সহকারী বুলবুল আহম্মেদ খানকে গালমন্দ করে। বিভিন্ন সময় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভুইয়া, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান, প্রাক্তন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মৃত্যুঞ্জয় মিস্ত্রী সহ অন্যান্য কর্মকর্তাদের সাথে জামিন শুনানী কালে অপেশাদার সূলভ দূর্ব্যবহার করেছে। গত মঙ্গলবার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর সাথে অসৌজন্যমূলক ব্যবহার করেছে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট জহিরুল ইসলাম। আমরা এর সঠিক বিচার না পাওয়া পর্যন্ত পেশাদার কোন কাজ করবো না।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সিনিয়র আইনজীবী এডভোকেট জহিরুল ইসলাম বলেন, আমরা আইনজীবী সমিতিতে জরুরী সভা ডেকে সিদ্ধান্ত গ্রহন করেছি। আমাদের সিদ্ধান্ত একজন ব্যক্তি চীফ জুডিসিয়াল ম্যাজিস্টেট মোঃ এহসানুল হক এর বিরুদ্ধে। তার অপসারন না হওয়া পর্যন্ত তার আদালতে আইনজীবীগণ যাবে না। তার আদালতে বাদী-বিবাদীর স্বাক্ষরিত হাজিরা দাখিল করা হয়েছে। এ ছাড়া সকল আদালতে আইনজীবীগণের স্বাক্ষরিত হাজিরা দাখিল করা হয়েছে।
হাজিরা দিতে আসা মামলার আসামী সদর উপজেলার তুলাতলা গ্রামের মোজাম্মেল খান বলেন, বুধবার আমার মামলার ধার্য তারিখ। আমি ঢাকায় গাড়ি চালাই। মালিকের নিকট থেকে ছুটি নিয়ে হাজিরা দিতে আসছি। আজ আইনজীবী ও বিচারকদের কোন্দলে কোর্ট হবে না। আমরা যদি আসতে না পারি তাহলে আমাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়। আজ কোর্টে আসার পরেও হাজিরা দিতে এসে যাদের জন্য পারছি না তাদের ওয়ারেন্ট কে দিবে।
যৌতুক মামলার বাদী রেশমা জানায়, আমি জাজিরার নগর বোয়ালিয়া থেকে মামলার স্বাক্ষী নিয়ে আসছি। গতকাল (মঙ্গলবার) আমার উকিল কাজিম হোসেন ফোনে জানায় বুধবার মামলার স্বাক্ষী নিবে। তারিখের বায়না ও স্বাক্ষী হাজিরার খরচ নিয়ে বলে আজ কোর্ট হবে না। তাহলে কি উকিলরা বায়না নেয়ার জন্যই আমাদের ছোট বাচ্চা সহ কোর্টে আনলো। আমি উকিলের দ্বারা হয়রাণী হলাম।
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ এহসানুল হক বলেন, আইনজীবীদের চাহিদামত অবৈধ দাবী দাওয়া মেনে নিতে পারি না বলেই প্রায় দেড় মাস যাবত আমার ৬জন ম্যাজিস্ট্রেটের সাথে অসৌজন্যমূলক আচরণ করে আসছে। সিরিয়াল ভঙ্গ করে নকল দিতে না পারায় বেঞ্চ সহকারীর সাথে খারাপ আচরণ করেছে আইনজীবীরা। মঙ্গলবার বিষয়টি জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. জহিরুল ইসলামকে জানানো হলে তিনিও আমার সামনে বেঞ্চ সহকারীর সাথে খারাপ আচরণ করে। ইতোপূর্বে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মৃত্যুঞ্জয় মিস্ত্রীর খাস কামরায় প্রবেশ করে অবৈধ দাবী উত্থাপন করে আইনজীবীরা। দাবী না মানায় মালাউনের বাচ্চা বলে কটুক্তি করে মারতে উদ্দত হয়। তাই কর্মকর্তা কর্মচারীরা কলম বিরতি রাখছে।