বিশেষ প্রতিবেদকঃ সব ধরনের অধিকার থেকে বঞ্চিত অসহায় রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর নিজ দেশের নাগরিকত্বসহ নিরাপত্তা নিশ্চিত করতে ওআইসি’র সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
আজ রোববার কাজাখস্তানের রাজধানী আস্তানায় অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের(ওআইসি) প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি সম্মেলনে ভাষণ দানকালে তিনি এ আহ্বান জানান।
মানবিক বিবেচনায় বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে উল্লেখ করে আবদুল হামিদ বলেন, রোহিঙ্গা সংকট বাংলাদেশের ওপর সরাসরি বিরূপ প্রভাব সৃষ্টি করেছে। তাদেরকে নির্মমভাবে ভিটেমাটি থেকে উচ্ছেদ করা হচ্ছে। ফলে প্রাণ রক্ষার্থে পার্শ্ববর্তী দেশে বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থী আশ্রয় নিতে বাধ্য হচ্ছে।
তিনি বলেন, নিজ দেশে রোহিঙ্গাদের ওপর বারংবার অত্যাচারের ফলে তাদের অস্তিত্ব যেমন হুমকির মুখে পড়ছে এবং তেমনি বাংলাদেশকে বিপুল সংখ্যক অসহায় রোহিঙ্গার বোঝা বহনের মতো মারাত্মক সংকটের সম্মুখীন হতে হচ্ছে। এ রোহিঙ্গারা নির্মমতা ও বাস্তুচ্যূতির শিকার।
এসময় তিনি মিয়ানমারের এ সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর অধিকার রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্ব আরোপ করেন।
কাজাখস্তানের রাজধানীতে এই বিজ্ঞান ও প্রযুক্তি সম্মেলনে ওআইসি সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানরা অংশ নেন।
বাংলাদেশের রাষ্ট্রপতিও মুসলিম বিশ্বকে প্রযুক্তি ব্যবহারকারীদের জগতে নেতৃত্ব দেয়ার জন্য বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দিয়েছেন।