মোশাররাফ সাতক্ষীরা প্রতিনিধি: কলারোয় পৌর সভার কর্মকর্তারা অভিযান চালিয়ে আগুনে পোড়া ও রোগাক্রান্ত গুরুর মাংস বিক্রি করার সময় আটক করেছে।
রবিবার সকালে কলারোয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের মির্জাপুর বস্তিপাড়ার বাসিন্দা মৃত ছবেদ আলীর ছেলে কসাই ইমাদুল ইসলাম(৪০) তার নিজ বাড়ীতে একটি পোড়া ও একটি রোগাক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রয় করছিল।
গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ১০টার দিকে কলারোয়া পৌরসভার সেনেটারী ইন্সপেক্টর সুধেন্দ্র শেখর সাহা ও ভারপ্রাপ্ত কসাইখানা পরিদর্শক আল আমীন হোসেন সহ পৌর সভার অন্যান্য ষ্টাফগণ ও ৯নং ওয়ার্ড কাউন্সিলর আকিমুদ্দীন আকি, ৭নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৫৪ কেজি খাওয়ার অনুপযোগী মাংস উদ্ধার করেন।
অভিযান পরিচালনাকারী টিমের উপস্থিতি বুঝতে পেরে কসাই ইমাদুল ইসলাম বাড়ী থেকে পালিয়ে যায়।
ইমাদুলের প্রতিবেশিরা জানান, আগুনে পুড়ে আহত হওয়া ও একটি রোগাক্রান্ত গরু ইমাদুল তার নিজ বাড়ীতে জবাই করে মাংস বিক্রয় করতে থাকে। পৌর অভিযান টিমের আগমনের পূর্বে সে একটি গরুর মাংস বিক্রয় শেষ করে।
কলারোয়া পৌরসভার সেনেটারী ইন্সপেক্টর সুধেন্দ্র শেখর সাহা জানান, গোপন সংবাদ পেয়ে রোগাক্রান্ত এবং আগুনে পুড়ে আহত হওয়া দুটি গরু জবাই করে মাংস বিক্রয়কালে কসাই ইমাদুলের বাড়ীতে অভিযান পরিচালনা করে ৫৪ কেজি মাংস উদ্ধার করি।
এ সময় ইমাদুল পালিয়ে যায়। সরকারী ঘোষণা অনুযায়ী মিটলেস ডে রবিবারে গরু জবাই করে মাংস বিক্রয় করা নিষিদ্ধ হওয়া সত্বেও সে বাড়ীতে গরু জবাই করে মাংস বিক্রয় করছিল। উদ্ধারকৃত মাংস পরে পুড়িয়ে মাটিতে পুতে ফেলা হয়।
এ ব্যাপারে অভিযুক্ত কসাইয়ের বিরুদ্ধে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




