ডিজিটাল বাংলাদেশ গড়া ও রাজস্ব আদায়ে সঠিক পথেই রয়েছে বলে দাবি করলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।
মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে ‘কম্পিউটার সামগ্রী প্রদান ও ইন্সটলেশন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এম এ মান্নান বলেন, আয়কর সিস্টেমকে ডিজিটাইজড করার মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে আমরা আরো একধাপ এগিয়ে গেলাম। এর মাধ্যমে করদাতারা হয়রানি ছাড়া ঘরে বসেই আয়কর দিতে পারবেন। আমার ধারণা আমরা সঠিক পথেই আছি।
তিনি বলেন, আমরা শুধু উন্নয়নের মাধ্যমেই যাত্রাপথকে এগিয়ে নিতে চাই না, সকল ক্ষেত্রেই এগিয়ে নিতে চাই। শাসক ও শোষিত বলেও সেই অর্থে কিছু নেই। আমরা সবাই রাজা। স্বাধীনতার সুফল সবাই ভোগ করছে। তরুণ মেধাশক্তিকে কাজে লাগিয়ে আধুনিক বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাচ্ছি।
সভাপতির বক্তব্যে এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন, গতকালও ভ্যাটের আনলাইন বিষয়ে সেমিনার করলাম। আজ আয়কর সিস্টেমকে ডিজিটালাইজেশনের প্রক্রিয়ায় প্রবেশ করলাম। এর মাধ্যমে রাজস্ব বোর্ড অটোমেশনের পথে আরো এক ধাপ এগিয়ে গেল।
অনুষ্ঠানে বরিশাল অঞ্চলের কর কমিশনার মো. জাহিদ হাসানকে কম্পিউটার (ল্যাপটপ) সামগ্রী প্রদান করা হয়। প্রকল্প বাস্তবায়নে পর্যায়ক্রমে সকল কর কমিশনারকে তা প্রদান করা হবে।
আয়কর বিভাগের স্ট্রেনদেনিং গভার্নেন্স ম্যানেজমেন্ট প্রোজেক্ট (এসজিএমপি) প্রকল্পের আওতায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর সংশ্লিষ্ট সকল সুবিধাদি দেওয়ার ব্যবস্থা করেছে। যা জুলাই ২০১৬ থেকে বাস্তবায়িত হবে।
এ প্রকল্পের মাধ্যমে দেশব্যাপী মাঠ পর্যায়ের ৬৪৯টি আয়কর সার্কেল অফিসও এ ডিজিটাল সংযোগে যুক্ত হবে। এ প্রকল্পের আওতায় অন্তত ১০ মিলিয়ন করদাতা করসেবা নিতে পারবে।
অনুষ্ঠানে প্রকল্প পরিচালক ও এনবিআর সদস্য কালিপদ হাওলাদার প্রকল্প বিষয়ে তথ্য-উপাত্ত উপস্থাপন করেন।
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহায়তায় ভিয়েতনামভিত্তিক আইটি প্রতিষ্ঠান এফপিটি ইনফরমেশন সিস্টেম করপোরেশন প্রকল্পটি বাস্তবায়ন করছে। করবিভাগকে পূর্ণাঙ্গ, স্বয়ংসম্পূর্ণ, আধুনিক, শক্তিশালী, জবাবদিহি ও প্রযুক্তি নির্ভর বিভাগ হিসেবে গড়ে তোলার লক্ষে প্রকল্পটি নিয়েছে এনবিআর। এনবিআরকে সম্পূর্ণ অটোমেশনের আওতায় আসতে প্রকল্পটি সহায়তা করবে।
প্রকল্পের আওতায় অনলাইনে আয়কর রিটার্ন (আয়কর বিবরণী) পূরণ ও দাখিল করতে পারবেন। ঘরে বসেই পাবেন আয়কর রিটার্ন ও প্রাপ্তি স্বীকারপত্র পাবেন। ই-পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে অনলাইনে কর প্রদান করতে পারবেন। সেক্ষেত্রে ব্যাংক, চালান বা ক্যাশের মাধ্যমে জমা দিয়ে নাম্বারটি অনলাইনে দিয়ে দিতে হবে।
সব ব্যাংকের সাথে চুক্তি হয়েছে। প্রক্রিয়া শেষে যেকোন করদাতা যেকোন ব্যাংকের অনলাইনে একাউন্ট থেকে কর দিতে পারবেন। এ ছাড়া আগের পদ্ধতিতে চাইলেও যেকোন করদাতা কর অফিসে সেবা পাবেন। ই-টিআইএন রেজিস্ট্রেশন ও রি-রেজিস্ট্রেশন করা ও সনদপত্র পাবেন।