যশোর প্রতিনিধি: যশোর শহরতলীর খোলাডাঙ্গা মুন্সিপাড়া এলাকার ধান ক্ষেত থেকে বাচ্চু গাজী (৩৪) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ ১০ই মার্চ সকাল ১০টার দিকে স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ মরদেহটি উদ্ধার করে। বাচ্চু গাজী একটি হত্যা মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।
নিহত বাচ্চু গাজী সদর উপজেলার বাউলিয়া গ্রামের রবিউল গাজীর ছেলে।
যশোর কোতোয়ালী থানার এসআই আফম মনিরুজ্জামান জানান, সকালে স্থানীয়দের কাছ থেকে ফোন পেয়ে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
এসময় রাস্তার পাশ থেকে রক্তমাখা ছুরি, স্যান্ডেল ও লুঙ্গি উদ্ধার করা হয়। এছাড়া মৃতের পকেট থেকে তার জাতীয় পরিচয়পত্র ও একটি হত্যা মামলার রিকল (আদালত কর্তৃক জামিন সংক্রান্ত আদেশের কপি) পাওয়া যায়। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার নাম বাচ্চু গাজী। এছাড়া তার দূর সম্পর্কের আত্মীয়রা তার মরদেহ সনাক্ত করেছেন।
তিনি আরো জানান, সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।




