আবুল কালাম আজাদ, যশোর : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৩৪৮জনের নমুনা পরীক্ষা করে আজ ১০৯জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে যশোর জেলায় আক্রান্তের সংখ্যা ৪৯জন। সবমিলিয়ে যশোরে আক্রান্তের সংখ্যা ৪১৯। মোট সুস্থ হয়েছেন ১৪৪জন।
যবিপ্রবি’র করোনা পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানান, বিশ^বিদ্যালয়ের জিনোম সেন্টারে আজ (২৪ জুন) ঘোষিত করোনার টেস্টের ফলাফলে যশোরের ১৪১ জনের নমুনা পরীক্ষা করে ৪৯ জনের, মাগুরার ২১ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের, নড়াইলের ১১ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের, ঝিনাইদহের ৪৯ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের, বাগেরহাটের ১০৩ জনের নমুনা পরীক্ষা করে ২৯ জনের ও সাতক্ষীরার ২৩ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে।
এদিকে যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, গতকাল বিকেল ৫টা পর্যন্ত মোট ৩ হাজার ৮৭৩টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ৩ হাজার ৫৫২জনের। আজকের ৪৯জনসহ মোট পজেটিভের সংখ্যা ৪১৯জন। এর মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছে ১৪৪জন। মারা গেছেন দুইজন।
তিনি আরো বলেন, আক্রান্তদের মধ্যে ১২জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকীরা হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন। যারা বাড়িতে রয়েছেন তাদের বাড়ির এলাকা গুলো রেডজোন ঘোষণা করা হয়েছে। এ পর্যন্ত ২৭টি এলাকাকে রেড জোন ঘোষণা এবং সংশ্লিষ্ট এলাকায় লকডাউন কার্যকর করা হয়েছে।
এদিকে রেড জোন এলাকায় সরকার কর্তৃক ঘোষিত সাধারণ ছুটি বলবৎ রয়েছে।