মেহেরপুরের গাংনীতে আলোচিত তিন খুনের ঘটনায় ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড

মেহের আমজাদ, মেহেরপুরঃ দীর্ঘ ২১ বছর পর মেহেরপুরের গাংনী উপজেলার জালসুকা গ্রামের বহুল আলোচিত তিন খুনের ঘটনায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী লাল্টু বাহিনীর প্রধান নুরুজ্জামান লান্টু সহ ৫ জনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।

সোমবার দুপুরে বিচারক এ.টি.এম মুসা জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। এ মামলার আসামীদের মধ্যে ২৩ জনকে বেকশুর খালাশ দেয়া হয় এবং বাকি তিন জন মারা গেছেন। দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন, চুয়াডাঙ্গা জেলার কয়রাডাঙ্গা গ্রামের নূরুজ্জামান নান্টু (৬৮), মেহেরপুর গাংনী উপজেলার জালসুকা গ্রামের একরামুল মাস্টার (৬৫), ইউনুস আলী (৭০), মাসুদ আলী (৫০) ও আবুল কাশেম (৬৫)।

১৯৯৪ সালের ২৯ আগষ্ট রাতে মেহেরপুরের গাংনী উপজেলার জালসুকা গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে শওকত মালিথা (৭০), তার ছেলে হেলাল উদ্দিন (৩৪) ও একই গ্রামের তারা চাঁদের ছেলে নূর ইসলাম খুন হয়। এ ঘটনায় শওকত মালিথার ছেলে জালাল উদ্দিন বাদী হয়ে গাংনী থানায় মামলা করেন। যার মামলা নং- ৩০/০৮/১৯৯৪। ১৯৯৬ সালের ৩০ এপ্রিল পুলিশ চার্জশিট দেওয়ার পর এই মামলার রায় পেতে আরো ১৯ বছর সময় লাগল। মামলায় রাষ্ট্র পক্ষের কৌসূলী ছিলেন অতিরিক্ত পিপি এ্যাড. কাজী শহিদুল হক এবং আসামী পক্ষের কৌসূলী ছিলেন এ্যাড. খন্দকার আব্দুল মতিন, এ্যাড. ইব্রাহিম শাহীন ও এ্যাড. শফিকুল ইসলাম।

উল্লেখ্য, একই রাতে সন্ত্রাসীরা পাশ্ববর্তী গ্রাম আড়পাড়ায় আরও চারজনকে হত্যা করে। তাই ঐ রাতের হত্যাকান্ডটি এলাকায় সেভেন মার্ডার হিসেবে পরিচিত। আড়পাড়া গ্রামের হত্যায় পৃথক একটি মামলা হয়। এ রায়ের অনেক আগেই এ মামলাটির নিষ্পত্তি হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।