× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের সাক্ষাৎ ঈদযাত্রায় সড়ক নিরাপত্তায় দায় এড়ানোর সুযোগ নেই – সেতুমন্ত্রী প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার – ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী টেকসই সামাজিক নিরাপত্তা কাঠামো গড়ে তোলা এখন সময়ের দাবি – অর্থসচিব শুধু চাকরি দিয়ে তরুণদের কর্মসংস্থান সম্ভব নয়; প্রয়োজন শিল্পায়ন – আসাদুল হাবিব দুলু শিক্ষাখাতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক দিন দিন জোরদার হচ্ছে – শিক্ষামন্ত্রী নারী গ্রাম পুলিশ নিয়োগ স্থানীয় সরকারকে আরও জনবান্ধব করবে: স্থানীয় সরকার মন্ত্রী কোটালীপাড়ায় নারী-পুরুষের সমতা: আন্ত:ধর্মীয় সংলাপ শীর্ষক সেমিনার স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে KOICA কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ ঝিনাইদহে জমকালো আয়োজনে যাত্রা শুরু করলো এশিয়া পোস্ট

ডেস্ক

যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা: হুমকি, অবরোধ আর আলোচনার টানাপোড়েন

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিষয়ে পরস্পরবিরোধী অবস্থানে দাঁড়িয়েছে তেহরান ও ওয়াশিংটন।  যুক্তরাষ্ট্রের ঘোষিত কঠোর নৌ-অবরোধ থাকা সত্ত্বেও হরমুজ প্রণালী পাড়ি দিচ্ছে ‘শোজা-২’ নামের একটি ইরানি কার্গো জাহাজ।

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আজই (মঙ্গলবার) একটি চুক্তির বিষয়ে আশাবাদী হলেও, তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনো হুমকির মুখে তারা আলোচনায় বসবে না। ইতোমধ্যে দ্বিতীয় দফার আলোচনার জন্য মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের নেতৃত্বে একটি উচ্চপদস্থ প্রতিনিধিদল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পথে রয়েছে।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি পতাকাবাহী কার্গো জাহাজটি বন্দর আব্বাসের কাছে অবস্থিত শহীদ রাজাই বন্দর থেকে যাত্রা শুরু করেছে। বর্তমানে এটি সফলভাবে নিজেদের রুট ধরে ভারতের কান্ডলা বন্দরের দিকে অগ্রসর হচ্ছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, স্বাধীনভাবে তাসনিম নিউজের এই দাবির সত্যতা যাচাই করা না গেলেও বৈশ্বিক সামুদ্রিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ‘মেরিন ট্রাফিক’-এর তথ্য উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে, জাহাজটি বর্তমানে সত্যিই হরমুজ প্রণালীতে অবস্থান করছে। মেরিন ট্রাফিকের ডেটা অনুযায়ী, শোজা-২ জাহাজটির গন্তব্য ভারত।

উল্লেখ্য, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপের কথা জানান। ইরানের সঙ্গে নতুন কোনো চুক্তিতে না পৌঁছানো পর্যন্ত এই অবরোধ প্রত্যাহার করা হবে না বলেও কড়া বার্তা দেন তিনি।

ওয়াশিংটনের এমন কঠোর অবস্থানের মধ্যেই হরমুজ প্রণালী দিয়ে ইরানি কার্গো জাহাজের এই অবাধ চলাচল আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

ইরানের পার্লামেন্টের স্পিকার ও অন্যতম আলোচক মোহাম্মদ বাঘের গালিবফ জোর দিয়ে বলেছেন, একের পর এক হুমকির মুখে কোনো আলোচনা মেনে নেবে না তার দেশ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বার্তায় তিনি বলেন, ‘অবরোধ আরোপ এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের মাধ্যমে ট্রাম্প নিজের কল্পনা অনুযায়ী এই আলোচনার টেবিলকে আত্মসমর্পণের টেবিলে পরিণত করতে চাইছেন।’ আলোচনা ব্যর্থ হলে রণক্ষেত্রে নতুন সামরিক সক্ষমতা বা কৌশল ব্যবহারেরও ইঙ্গিত দেন তিনি।

এদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাসের কথা উল্লেখ করে বলেছেন, ‘যেকোনো অর্থবহ সংলাপের মূল ভিত্তি হলো প্রতিশ্রুতি রক্ষা করা। যেটা যুক্তরাষ্ট্র মেনে চলবে কি না তা নিয়ে সন্দেহ আছে।’

এর আগে, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এক ফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, যুক্তরাষ্ট্রের ‘বেআইনি আচরণ’ ও মার্কিন নেতাদের ‘পরস্পরবিরোধী অবস্থান’ কূটনীতির পরিপন্থী। নিজেদের জাতীয় নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় তেহরান পরিস্থিতি পর্যবেক্ষণ করে যথাযথ সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি।

অন্যদিকে, চুক্তিতে না পৌঁছানো পর্যন্ত ইরানের বন্দরগুলোর ওপর থেকে কোনোভাবেই অবরোধ প্রত্যাহার করা হবে না বলে সাফ জানিয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি দাবি করেন, এই অবরোধের কারণে প্রতিদিন ৫০ কোটি ডলারের ক্ষতির মুখে পড়ছে ইরান, যা দীর্ঘমেয়াদে তাদের পক্ষে সামলানো সম্ভব নয়।

ফক্স নিউজের বরাতে জানা যায়, ট্রাম্প আজই ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হওয়ার বিষয়ে বেশ আশাবাদী। নিউইয়র্ক পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, পারমাণবিক অস্ত্র ত্যাগ করাই এই আলোচনার মূল এবং আপসহীন শর্ত। চুক্তি সফল হলে তিনি ইরানের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাতেও প্রস্তুত বলে জানান।

হোয়াইট হাউজ নিশ্চিত করেছে যে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ইতোমধ্যে দ্বিতীয় দফা আলোচনার জন্য ইসলামাবাদের উদ্দেশে রওনা হয়েছেন।

এর আগে গত ১২ এপ্রিল ইসলামাবাদেই ২১ ঘণ্টার প্রথম দফা আলোচনা কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। সেসময় জে ডি ভ্যান্স দাবি করেছিলেন, ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির শর্ত মানতে অস্বীকৃতি জানিয়েছে। তারও আগে ওমান ও সুইজারল্যান্ডের মধ্যস্থতায় কয়েক দফা আলোচনা ব্যর্থ হয় এবং উভয় পক্ষের মধ্যে সামরিক সংঘাতের ঘটনা ঘটে।

এদিকে, চলমান এই উত্তেজনার মাঝেই হরমুজ প্রণালী অবরোধের সঙ্গে জড়িতদের ওপর ইউরোপীয় ইউনিয়ন নতুন করে নিষেধাজ্ঞার পরিধি বাড়াতে যাচ্ছে বলে রয়টার্সকে জানান সংস্থাটির দুই কূটনীতিক। অন্যদিকে, লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি চলাকালেও দক্ষিণাঞ্চলীয় শহরগুলোতে ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ।

পরস্পরবিরোধী এই অবস্থান এবং হুমকির ডামাডোলে ইসলামাবাদের দ্বিতীয় দফার বৈঠক শেষ পর্যন্ত আলোর মুখ দেখবে কি না, তা নিয়ে আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ ও কৌতূহল তৈরি হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..