মাশরাফির কাছে তিন দলই ‘চ্যালেঞ্জ

বাংলাদেশের যে প্রশ্নটা করার কথা, সেটি করলেন পিটার বোরেন। সংবাদ সম্মেলনে ডাচ অধিনায়ক বললেন, ‘বাংলাদেশের জন্য আমার খুব খারাপ লাগছে। ওরা টেস্ট দল, ওদের কেন মূল পর্বে যেতে বাছাইয়ে খেলতে হবে? আমাকে বলুন তো, মূল পর্বটা কেন দশ দলেরই হতে হবে?’
খুবই যৌক্তিক প্রশ্ন। পিটার বোরেন যেটি তুললেন নিজেদের দুঃখের কথা বলতে গিয়েই। এই টি-টোয়েন্টি বিশ্বকাপের অংশ হতেই তো একবার বাছাইপর্ব পেরিয়ে আসতে হয়েছে তাদের। আইসিসির সহযোগী সদস্য দেশগুলোর মধ্যে বাছাইপর্ব। এবার আবারও বাছাইপর্বের চক্করে। অথচ টি-টোয়েন্টি বিশ্বকাপে হল্যান্ডের রেকর্ড গর্ব করে বলার মতোই। সেটিও দূর অতীতের কোনো স্মৃতি নয়। বাংলাদেশে অনুষ্ঠিত গত টুর্নামেন্টেই ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে জয় আছে বোরেনদের।
‘দৈত্য-বধ’ কাব্য লেখার জন্য ইংল্যান্ড অবশ্য অনেক আগে থেকেই হল্যান্ডের প্রিয় প্রতিপক্ষ। ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও ইংল্যান্ডকে হারিয়েছিল হল্যান্ড। ইংল্যান্ড আবার ছিল সেবারের স্বাগতিক। ম্যাচটাও হয়েছিল লর্ডসে। সব মিলিয়ে রীতিমতো ডাচ রূপকথা।
এসব ইতিহাস মনে করিয়ে দিয়ে বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে পিটার বোরেন রণহুংকার দিতেই পারতেন। উল্টো তাঁর মুখে বাংলাদেশ সম্পর্কে অসীম শ্রদ্ধা। গত এক বছরে বাংলাদেশের উত্থানের ইতিহাস তো আর তাঁর অজানা নয়। এশিয়া কাপেও বাংলাদেশকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছেন। দেখার পর তাঁর মনে আর বিন্দুমাত্র সন্দেহ নেই যে বাংলাদেশ বাছাইপর্বের এই গ্রুপে ‘পরিষ্কার ফেবারিট’।
মাশরাফি বিন মুর্তজার বোধ হয় ওই ‘ফেবারিট’ শব্দটাতে ভয় আছে। এটি তাই মুখেই আনছেন না। গত পরশু ধর্মশালায় পা রেখে মাহমুদউল্লাহ বাছাইপর্বটাকে মূল পর্বের প্রস্তুতি বলে দেখাতে চেয়েছিলেন। মাশরাফির এখানেও আপত্তি। এশিয়া কাপে ভালো খেলার আত্মবিশ্বাসটা যেন অতি-আত্মবিশ্বাসে রূপ না নেয়, সেটি নিশ্চিত করাটাকেই বড় কাজ মনে হচ্ছে তাঁর কাছে। নইলে গ্রুপে কোন দলকে বড় চ্যালেঞ্জ মনে করছেন—এই প্রশ্নের উত্তরে কেন বলবেন, ‘আমার মনে হয় তিন দলই চ্যালেঞ্জ হবে।’
পিটার বোরেনও এই গ্রুপে কোনো সহজ ম্যাচ আছে বলে মনে করছেন না। বাংলাদেশকে তো সবার ওপরে রাখছেনই। আয়ারল্যান্ড যে চমকে দিতে পারে, সেটিও অনেকবারই প্রমাণিত। এমনকি ওমানকেও গোনায় ধরছেন, ‘এই সেদিন ওরা (ওমান) স্কটল্যান্ডের মতো ভালো দলকে হারিয়েছে। তাহলে ওদের কীভাবে উড়িয়ে দেবেন?’
যতই স্কটল্যান্ডকে হারাক না কেন, ওমানকে নিয়ে বাংলাদেশের কোনো দুশ্চিন্তা থাকার কথা নয়। উচিতও নয়। প্রথম দুটি ম্যাচ জিতে গেলে ওমান ম্যাচটার গুরুত্ব থাকবে শুধু সুপার টেন নিশ্চিত করার ম্যাচ হিসেবেই। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় হল্যান্ড ও আয়ারল্যান্ডও এমন কোনো বাধা হয়ে দাঁড়ানোর কথা নয়। যদিও এ দুই দলের বিপক্ষেই বাংলাদেশের দুঃস্মৃতি আছে। হল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ম্যাচটাতে বাংলাদেশ হেরেছে। আয়ারল্যান্ডের কাছে হেরেছে ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে। এরপর অবশ্য টানা তিন ম্যাচে জয়। সেটিও বেলফাস্টে গিয়ে আইরিশদের চেনা কন্ডিশনে। সবচেয়ে বড় কথা, বাংলাদেশের কাছে তখন টি-টোয়েন্টি খেলাটা ছিল রীতিমতো গোলকধাঁধার মতো। গত কিছুদিনে এই ধাঁধার উত্তর কিছুটা মিলেছে বলেই মনে হচ্ছে।
আরও মিলে যাবে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম স্বরূপে দেখা দিলে। কাল মাশরাফির সংবাদ সম্মেলনে এ দুজনের সাম্প্রতিক দুঃসময় নিয়ে প্রশ্ন হলো। মাশরাফি দারুণ উত্তর দিলেন, ‘ওরা খারাপ খেলার পরও আমরা ভালো করছি। ওরা দুজন ওদের খেলাটা খেলতে শুরু করলে ভাবুন তো আমরা কেমন দুর্দান্ত একটা দল হয়ে যাব।’
৬ নম্বরে নামিয়ে মাহমুদউল্লাহকে অপচয় করা হচ্ছে কি না, এ প্রশ্নও অবধারিতভাবেই উঠল। এশিয়া কাপে শেষ চার ম্যাচেই অপরাজিত, স্ট্রাইক রেটও খুব ভালো। কিন্তু সর্বোচ্চ যে মাত্র ৩৬, এটা তাঁর দোষ নয়। ২৭ বলের বেশি যে খেলারই সুযোগ পাননি কোনো ম্যাচে। টি-টোয়েন্টিতে ফর্মে থাকা ব্যাটসম্যানকেই বেশি বল খেলতে দেওয়া উচিত। মাশরাফিও তা মানেন। তবে মাহমুদউল্লাহকে সাকিব বা মুশফিকের আগে নামানোর ব্যাপারে একটু দ্বিধা আছে তাঁর মনে, ‘রিয়াদকে (মাহমুদউল্লাহ) নিয়ে আমরা যে পরিকল্পনা করেছিলাম, সেটি সফল হয়েছে। দলও সাফল্য পেয়েছে। তাই বেশি নাড়াচাড়া করা ঠিক হবে না। টি-টোয়েন্টিতে গত দুটি সপ্তাহ আমাদের খুব ভালো গেছে। এ সময় মাথা আরও বেশি ঠান্ডা রাখা উচিত। আমরা রিয়াদকে যত বেশি সম্ভব ব্যাটিং করানোর চেষ্টা করব, তবে সেটি আমাদের পরিকল্পনার মধ্যে থেকেই।’
সেটি কীভাবে সম্ভব হবে, তা একটা প্রশ্ন বটে। সাকিব বা মুশফিককে ওপরে রেখে রিয়াদকে যত বেশি সম্ভব ব্যাটিং করাতে হলে তো ওই দুজনের আরও দ্রুত আউট হয়ে যাওয়া ছাড়া উপায় নেই!

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।