বিশেষ প্রতিবেদকঃ মানুষের মনে, ভাবনায়, কাজে যে দূষণ রয়েছে তা দূর করতে হবে বলে জানিয়েছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী। আর সে দায়িত্ব কবি, সাহিত্যিকরা নিতে পারেন বলেও মনে করেন তিনি।
আজ সোমবার বিকালে বাংলা একাডেমিতে আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে বৈশ্বিক সন্ত্রাসবাদ সম্পর্কে বলতে গিয়ে এসব কথা বলেন প্রণব মুখার্জী।
বিশ্বজুড়ে হঠাৎ হঠাৎ করেই মাথা চাড়া দিয়ে ওঠা সন্ত্রাসী কার্যকলাপ প্রসঙ্গে ভারতের সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘পৃথিবীর এই চেহারাটার পরিবর্তন করতে হবে। যে পৃথিবীতে মানুষ হিংস্রতার শিকার হচ্ছে কোনো কারণ ছাড়া। পরিবেশ দূষণের চেয়েও বড় দূষণ আজকে মানুষের চিন্তায়, মানুষের ভাবনায়, মানুষের মনে, মানুষের কাজে। সেই দূষণের হাত থেকে বাঁচানোর দায়িত্ব কোনো আন্তর্জাতিক সম্মেলন থেকে হবে না। ইউনাইটেড নেশনসও (জাতিসংঘ) করতে পারবে না। করতে পারবেন যাঁরা স্রষ্টা, যাঁরা শিল্পী, যাঁরা লেখক, যাঁরা সাহিত্যিক, যাঁরা কবি।’
আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলনের সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ভারতের সাবেক এই রাষ্ট্রপতি তুলে ধরেন দায়িত্ব পালনের সময়কালের কথা।
প্রণব মুখার্জী বলেন, ‘প্রধানমন্ত্রী মাঝে মাঝে পরামর্শ চেয়ে ফাইল পাঠাবেন, প্রয়োজনীয় পরামর্শ দেবো। এছাড়া আর কিছু কাজ নেই। দেশ তো চালাবেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতির কাজ নৈবেদ্যর মণ্ডার মতো বসে থাকা আনুষ্ঠানিকভাবে। কিন্তু বছরে একদিন পার্লামেন্টের জয়েন্ট সেশনে তিনি লম্বা বক্তৃতা করেন যার কমা থেকে ফুলস্টপ পর্যন্ত মন্ত্রিসভার রচনা করা। সেখানে মাঝে মাঝেই বলবেন, মাই গভর্নমেন্ট, আমার সরকার।’
বাংলা ভাষার মর্যদা প্রতিষ্ঠার জন্য যারা জীবন দিয়েছেন তাদের প্রতি জানান সশ্রদ্ধ সালাম প্রণব মুখার্জী। তিনি বলেন, সেইসব ভাষা শহীদরা জীবন বাজি রাখার সাহস দেখিয়েছিলেন বলেই আজ বিশ্ব সাহিত্যে জায়গা করে নিয়েছে বাংলা ভাষা।


