মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নে নেই কোন মাধ্যমিক বিদ্যালয়, ঝড়ে পড়ছে অনেক শিক্ষার্থী

মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নে নেই কোন মাধ্যমিক বিদ্যালয়, ঝড়ে পড়ছে অনেক শিক্ষার্থী

মাদারীপুরের একটি ইউনিয়নে নেই কোন মাধ্যমিক বিদ্যালয়। এতে অকালেই ঝড়ে পড়ছে অনেক শিক্ষার্থী। কয়েক কিলোমিটার দূরে অন্য ইউনিয়নে গিয়ে পড়ালেখার করতে গিয়ে ইভটিজিং-এর শিকার হচ্ছে মেয়েরা। বাল্যবিয়েও হচ্ছে অনেকের। কাছাকাছি মাধ্যমিক বিদ্যালয় না থাকায় বিড়ম্বনায় অবৈধভাবে বিদেশ পাড়ি দিতে গিয়ে ভুমধ্যসাগরে প্রাণ হারাচ্ছে তরুণরাও। এমতাবস্থায় ইউনিয়নটিতে একটি মাধ্যমিক বিদ্যালয় স্থাপনের আশ^াস দিয়েছে জেলা প্রশাসন।

কথা হয় মাদারীপুর সদর উপজেলার মধ্য পেয়ারপুর গ্রামের ১৪ বছর বয়সী সালমান মোল্লার সাথে। ৯ম শ্রেণিতে পড়–য়া এই শিক্ষার্থী জানায়, নিজ ইউনিয়ন পেয়ারপুরে মাধ্যমিক বিদ্যালয় না থাকায় ৪ কিলোমিটার দূরে চরমুগরিয়া এলাকায় গিয়ে করতে হয় পড়ালেখা। যাতায়াতে প্রায় সময়’ই মত ইজিবাইক না পাওয়ায় ভোগান্তি আর রোদ-বৃষ্টি-ঝড়ে বাড়ে আতঙ্ক।

একই অবস্থা ইউনিয়নের মাধ্যমিক পড়–য়া ইচ্ছুক শিক্ষার্থীদের। এখানে একটি নিন্ম মাধ্যমিক বিদ্যালয় থাকলেও ৮ম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করার পর আগ্রহ হারাচ্ছে কিশোর-কিশোরীরা। রাস্তায় ইভটিজিং-এর ভয়ে মা-বাবাও দূরে পাঠাচ্ছেন না মেয়েদের। এমতাবস্থায় একটি মাধ্যমিক বিদ্যালয় নির্মানের দাবি শিক্ষার্থীদের।

জানা যায়, পেয়ারপুর ইউনিয়নে ৪টি মৌজায় ৮টি প্রাথমিক বিদ্যালয়, ২টি গুচ্ছগ্রাম, আশ্রয়ন প্রকল্প ২টি, একটি মাদ্রাসা রয়েছে। এখানকার বড় একটি অংশ প্রবাসী।

এলাকাবাসী ও অভিভাবকরা বলছেন, মাধ্যমিক বিদ্যালয় না থাকায় অনেক মেয়ের হচ্ছে বাল্যবিয়ে। আর ছেলেরা অবৈধপথে বিদেশ পাড়ি দিতে গিয়ে পড়ছে দুর্ঘটনার কবলে। অন্যদিকে ব্যক্তিগত উদ্যোগে কেউ এগিয়ে আসলে মাধ্যমিক বিদ্যালয় স্থাপনে সরকারিভাবে সহযোগিতার কথা জানায় জেলা প্রশাসন।

স্থানীয় বাসিন্দা প্রদীপ চন্দ্র অধিকারী বলেন, ‘একটি ইউনিয়নে মাধ্যমিক বিদ্যালয় থাকবে না এটি মেনে নেয়া যায় না। এই মাধ্যমিক বিদ্যালয় না থাকায় অকালে অল্প বয়সে মেয়েদের বিয়ে হচ্ছে। আর ছেলেরা হতাশায় ভুগছে। কেউ কেউ অবৈধভাবে ইতালি যাওয়ার পথে সমুদ্রে ডুবে প্রাণ হারাচ্ছে। তাই জরুরিভিত্তিতে এখানে একটি মাধ্যমিক বিদ্যালয় নির্মাণ প্রয়োজন।’

সওদা আক্তার নামে ৮ম শ্রেণির এক শিক্ষার্থী বলে, ‘বাড়ির কাছে কিংবা নিজ ইউনিয়নে নেই কোন মাধ্যমিক বিদ্যালয়। এতে আমার মতন মেয়েদের উচ্চ পর্যায়ে আর পড়ালেখা হয় না। এজন্য অল্প বয়সেই বিয়ে হয়। সরকারের কাছে আকুল আবেদন দ্রুত পেয়ারপুর ইউনিয়নে একটি মাধ্যমিক বিদ্যালয় নির্মাণ করে আমাদের এসএসপি পাশ করার সুযোগ করে দিবে।’

মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আল নোমান বলেন, ‘পেয়ারপুর ইউনিয়নের জনসংখ্যা অনেক বেশি। এজন্য একটি মাধ্যমিক বিদ্যালয় নির্মাণ জরুরি। ব্যক্তিগত পর্যায়ে কেউ এগিয়ে আসলে সরকারিভাবে দ্রুত সহযোগিতার মাধ্যমে সেটি করা যেতে পারে।’

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।