এলএনজি খালাস ফের শুরু, বাড়ছে গ্যাস সরবরাহ

এলএনজি খালাস ফের শুরু, বাড়ছে গ্যাস সরবরাহ
ভাসমান টার্মিনালে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) খালাসের কার্যক্রম

বৈরী আবহাওয়ার কারণে সাময়িক বন্ধ থাকার পর কক্সবাজারের মহেশখালীতে কার্গো থেকে ভাসমান এলএনজি টার্মিনালে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) খালাসের কার্যক্রম আবার শুরু হয়েছে। এতে জাতীয় সঞ্চালন লাইনে গ্যাসের সরবরাহ বাড়তে শুরু করেছে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে শিগগিরই গ্যাস সরবরাহ আরও বাড়বে বলে জানিয়েছে পেট্রোবাংলা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) আবহাওয়ার উন্নতি হলে সকাল সাড়ে ৭টার দিকে এলএনজি খালাস পুনরায় শুরু হয়। এরপর পর্যায়ক্রমে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়তে থাকে।

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, সকাল ১০টার দিকে এলএনজি থেকে গ্যাস সরবরাহ বেড়ে প্রায় ৭৩ কোটি ঘনফুটে পৌঁছায়। একই সময়ে দেশীয় গ্যাসক্ষেত্রগুলো থেকে সরবরাহ ছিল প্রায় ১৬০ কোটি ঘনফুট। ফলে এলএনজি ও দেশীয় উৎস মিলিয়ে জাতীয় সঞ্চালন লাইনে মোট প্রায় ২৩৪ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়।

এর আগে স্পট মার্কেট থেকে কেনা এলএনজি নিয়ে ইন্দোনেশিয়া থেকে আসা ‘প্যাসিফিক সাকসেস’ নামের একটি কার্গো বৃহস্পতিবার কক্সবাজারের মহেশখালী এলাকায় পৌঁছে। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে কার্গো থেকে সামিটের ভাসমান এলএনজি টার্মিনাল—ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ)—এ এলএনজি খালাস করা সম্ভব হয়নি।

এর প্রভাবে সাময়িকভাবে এলএনজি সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে যায়। ওই সময়ে একটি ভাসমান টার্মিনাল থেকে জাতীয় সঞ্চালন লাইনে ঘণ্টায় প্রায় ৫৯ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছিল।

আবহাওয়া স্বাভাবিক হওয়ায় এখন আবার কার্গো থেকে এলএনজি খালাস শুরু হয়েছে। ফলে জাতীয় সঞ্চালন লাইনে গ্যাসের সরবরাহ ধীরে ধীরে বাড়ছে। পেট্রোবাংলার আশা, খালাস কার্যক্রম স্বাভাবিক গতিতে চললে দেশের সামগ্রিক গ্যাস সরবরাহ পরিস্থিতির আরও উন্নতি হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।