মাগুরা প্রতিনিধি : মাগুরায় উচ্চ ফলনশীল বারি-১৪ , বারি-১৫, বারি-৯ বিনা-৪ ও বিনা-৭ জাতের সবিষার আবাদ কৃষকদের মাধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। মৌসুমের শুরুতে কৃষি বিভাগ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত এই অধিক ফলনশীল সরিষা আবাদে উদ্বুদ্ধ করে।এতে সরিষা আবাদে কৃষকদের মধ্যে ব্যাপক আগ্রহ ফিরে আসবে বলে আশা করছে কৃষি বিভাগ।
আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে জেলার সরিষার বাম্পার ফলন আশা করছেন কৃষি বিভাগ ও কৃষকেরা। মাগুরা জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক পার্থ প্রতিম সাহা জানিয়েছ,চলতি মৌসুমে জেলার সদর,শ্রীপুর,শালিখা ও মহম্মপুর উপজেলায় ১২ হাজার হেক্টর জমিতে সরিষা আবাদ করা হয়েছে। এ বছর জেলায় ১২ কোটি টাকা মূল্যের ১৯ হাজার টন সরিষা উৎপাদন হবে বলে আশা করছে কৃষি বিভাগ। তাছাড়া সরিষার ফুল থেকে মধু সংগ্রহ করে বাড়তি আয় করছেন শতাধিক মধু চাষীরা। সাধারনত মাগুরার কৃষকরা স্থানীয় জাতের পাশাপাশি বারি-৯ ও টোরি -৭ জাতের সরিষার আবাদিই বেশী করতেন। সময় বেশী লাগায় ও ফলন কম হওযায় কৃষকরা সরিষা চাষে উৎসাহ হারাচ্ছিল। চলতি মৌসুমের শুরুতে কৃষি বিভাগ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত অধিক ফলনশীল জাতের বারি-১৪ ও বারি-১৫ সরিষা আবাদে উদ্বুদ্ধ করে। এ দুটি জাতের সরিষা মাত্র ৬৫-৭৫ দিনে সরিষা ঘরে তোলা যায়। হেক্টরে দেড় হাজার কেজি ফলন হয়। সরিষা কেটে আবার ওই জমিতে বোরোর আবাদ করা যায়। এতে কৃষি জমির সর্বাধিক ব্যবহার নিশ্চিত হয়।
আঠারখাদা উপ-সহকারী কৃষি কর্মকর্তা জনাব তানজির আহম্মদ জানান, আমন ধান কাটার পর পড়ে থাকা জমিতে রিলে পদ্ধতিতে ( জমি চাষ না করে) সরিষা চাষ মাগুরাতে এখন বেশ জনপ্রিয়। এ পদ্ধতিতে সরিষা চাষে উৎপাদন খরচ অনেক কম। এবার অনেক কৃষকেরা মাগুরাতে এ পদ্ধতিতে সরিষা চাষ করছে।
মাগুরা সদর উপজেলার গোপিনাথপুর গ্রামের সরিষা চাষি বিনয় সরকার,দিপক সরকার,লক্ষন বিশ্বাস,বিদ্যুৎ সরকার ও নারায়ন বিশ্বাস বলেন, ‘দেশী জাতের সরিষা আবাদ করে একরে ৮-১০ মণ ফলন পাওয়া যেত। সেখানে উন্নত জাতের সরিষা আবাদে প্রতি একরে পাওয়া যায় ১৪-১৫ মণ। উৎপাদন খরচও আগের চেয়ে অনেক কম।’সরজিৎ লস্কার বলেন, ‘আমি চলতি মৌসুমে ৪ একর জমিতে উচ্চ ফলনশীল সরিষার আবাদ করেছি। আশা করি ৮৫-৯৫ মণ সরিষা ঘরে তুলতে পারবো।