২০২৪ লোকসভা ভোটের আগে বিজেপি জোটের সামনে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিতে – বিরোধী ঐক্যের জোরদার প্রচেষ্টা চলছে বেঙ্গালুরুতে। বিরোধী জোটের বৈঠকে নতুন নাম সামনে এসেছে আজ মঙ্গলবার। ভারতের নামেই হয়েছে নয়া বিরোধী জোটের নাম—‘ইন্ডিয়া’ (ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়ান্স)। বৈঠক শেষ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে নয়া জোটের নাম ঘোষণা করেছেন। প্রসঙ্গত, বৈঠক শেষের আগেই তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েনের একটি টুইটেই নাম বদলের ইঙ্গিত মিলেছিল। তিনি লিখেছিলেন, ‘চাক্ দে! ইন্ডিয়া’।
তবে নাম বদল হলেও নয়া জোটে চেয়ারপার্সন বা আহ্বায়ক পদ আপাতত ঘোষণা করেননি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। ইউপিএ চেয়ারপার্সন পদে ছিলেন সনিয়া গান্ধী। তবে বিরোধী জোটের ১১ সদস্যের সমন্বয় কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন খড়্গে। তিনি জানান, মুম্বইয়ে জোটের পরবর্তী বৈঠকের আগেই চূড়ান্ত হবে কমিটির সদস্যদের নাম। লোকসভা ভোটের আগে বিজেপি-বিরোধী সমমনস্ক দলগুলি যাতে অভিন্ন ন্যূনতম কর্মসূচি নিয়ে এগোতে পারে, তার জন্য বেঙ্গালুরুতে সবিস্তারে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। কংগ্রেস সভাপতি জানান, অভিন্ন কর্মসূচির সম্ভাবনা খতিয়ে দেখতে একটি পৃথক কমিটি গঠন করা হতে পারে।
এদিকে মঙ্গলবার দুপুরে রাজধানী দিল্লিতে বিজেপির আয়োজনে ৩৮টি রাজনৈতিক দল বৈঠকে বসেছে। সেই বৈঠকের আগে প্রধানমন্ত্রী মোদী টুইটে লেখেন, ‘‘ভীষণ আনন্দের বিষয় যে আজ সারা দেশ থেকে আমাদের এনডিএ শরিকরা এক সঙ্গে আলোচনায় বসছি।’’ অন্য দিকে, বিরোধী দলগুলোর বৈঠককে কটাক্ষ হেনে মোদী বলেছেন, ‘‘ওটা তো দুর্নীতি এবং পরিবারবাদের জোট। বিরোধীদের তো একটাই মন্ত্র— পরিবার এবং পরিবারের জন্য।’’