বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সম্প্রসারিত হয়েছে। যা ভবিষ্যতে আরও জোরদার হবে। বলেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বুধবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বিদায়ী সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক ঐতিহাসিক। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর এবং গতবছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী এবং স্বাধীনতা ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের উল্লেখ করে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদে বলেন, এ সফরের ফলে দু’দেশের সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, সাক্ষাৎকালে ভারতের বিদায়ী হাইকমিশনার বাংলাদেশে দায়িত্ব পালনকালে সহযোগিতা প্রদানের জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সাক্ষাতকালে রাষ্ট্রপতি সফলভাবে দায়িত্ব পালনের জন্য ভারতের বিদায়ী হাইকমিশনারকে ধন্যবাদ জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম এবং সচিব সংযুক্ত মো. ওয়াহিদুল ইসলাম খান।





