ভারতের অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন শুরু হয়েছে ২৪ জুন। পাল্টাপাল্টি স্লোগানে সংসদ সবচেয়ে বেশি উত্তপ্ত হয়ে ওঠে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শপথের সময়। তৃণমূল সংসদ সদস্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় ওই সময় ‘জয় মমতা’ স্লোগান দেন। এদিকে, জয় শ্রীরাম এবং আল্লাহু আকবরের মতো ধর্মীয় স্লোগান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভারপ্রাপ্ত স্পিকার। ভারতের সংসদে বন্দে মাতরম স্লোগান দেওয়া যাবে না বলে অভিমত ব্যক্ত করে বলেন, এটা ইসলামের বিরুদ্ধে বলে দাবী করেছেন সমাজবাদী পার্টির সাংসদ শফিকুর রহমান বার্ক।
মঙ্গলবার (২৫ জুন) ১৮তম লোকসভার দ্বিতীয় অধিবেশনে বিরোধী ইন্ডিয়া জোটের সংসদ সদস্যরা শপথ নেওয়ার সময় এ ঘট্না ঘটে। এর আগের দিন সোমবার অধিবেশনের প্রথম দিনে শপথ নিয়েছেন লোকসভার নবনির্বাচিত অনেক সদস্য। খবর ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের।
এর আগে, একই কারণে আলোচনায় আসেন সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন দলের সভাপতি আসাদউদ্দিন ওয়াইসি। মঙ্গলবার লোকসভার সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার পর তিনি বলেন, ‘জয় ভীম, জয় মিম, জয় তেলেঙ্গানা, জয় ফিলিস্তিন, আল্লাহু আকবার!’ তবে ফিলিস্তিনের জয়ধ্বনি করায় তোপের মুখে পড়েছেন ওয়াইসি।
শপথগ্রহণ অনুষ্ঠান নিয়ে সারাদেশে আলোচনা হয়। সংখ্যাগরিষ্ঠ বিজেপি সাংসদরা বিরোধীদের জবাব দিতে গিয়ে জয় শ্রীরামের মতো স্লোগান দেন। পশ্চিমবঙ্গের নবনির্বাচিত সাংসদরা শপথ গ্রহণের জন্য উঠে দাঁড়ানোর পর শপথ গ্রহণ অনুষ্ঠানে ধর্মীয় মন্ত্রধ্বনি শুরু হয়। এর প্রেক্ষাপট ছিল লোকসভা নির্বাচনের প্রচারের সময় যে হাতাহাতি হয়েছিল। পশ্চিমবঙ্গে বিজেপি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের মধ্যে লড়াই সারা দেশেই খবরে আছে। তৃণমূল সাংসদরা শপথ নেওয়ার সময়, বিজেপি সাংসদরা জয় শ্রী রাম স্লোগান দিচ্ছিলেন, যার জবাবে তৃণমূল সাংসদরা জয় হিন্দ, জয় বাংলা, জয় মা দুর্গা এবং জয় মমতা স্লোগান দিয়েছিলেন।