ভারতের পদক্ষেপ সম্পর্কে আওয়ামী লীগ ও বিএনপির পৃথক মতামত

ভারতের পদক্ষেপ সম্পর্কে আওয়ামী লীগ ও বিএনপির পৃথক মতামত

‘বাংলাদেশের বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে ভারতের বার্তা দেওয়া- দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নয়। আঞ্চলিক রাজনীতির বিষয়ে এই ভূখণ্ডে ভারত ও আমেরিকার অভিন্ন স্বার্থ রয়েছে। তাই ভারত আমেরিকাকে কিছু বললে তারা তাদের স্বার্থে বলেছে।’ বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ শনিবার সকালে আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক উপকমিটির উদ্যোগে রাজধানীর ধানমন্ডি রবীন্দ্রসরোবরে ডেঙ্গু সচেতনতা কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের আরও বলেন, ‘বিএনপি তাকিয়ে আছে আমেরিকার দিকে। আর আওয়ামী লীগ তাকিয়ে আছে দেশের জনগণের দিকে। মানুষের জীবন ডেঙ্গুতে নিরাপদ নয়। আর বিএনপির হাতে দেশের গণতন্ত্র ও নিরাপত্তা নিরাপদ নয়। আজকে দেশের প্রধান দুই অভিন্ন শত্রু ডেঙ্গুর মতো ভয়ংকর বিএনপিকেও প্রতিরোধ করতে হবে। উন্নয়ন–অগ্রযাত্রায় বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে যে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন, এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে দেশের জনগণ ভোট দিলে আওয়ামী লীগ আবার রাষ্ট্র পরিচালনায় আসবে।
শেখ হাসিনা সরকারের পক্ষ নিয়ে যুক্তরাষ্ট্রকে ভারতের কূটনৈতিক বার্তা–সংক্রান্ত গণমাধ্যমে প্রকাশিত একটি খবরের বিষয়ে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা পত্রিকায় দেখলাম, আজকে ডয়েচে ভেলের বরাত দিয়ে পত্রিকায় রিপোর্ট করা হয়েছে। বাংলাদেশের মানুষের ইচ্ছার বিরুদ্ধে যদি ভারত কোনো পদক্ষেপ নেয়, সেটা হবে অত্যন্ত দুঃখজনক। আমরা মনে করি, সেটা বাংলাদেশের মানুষের জন্য এবং এই অঞ্চলের মানুষের জন্য শুভ হবে না।’

আজ শনিবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর এক কর্মসূচিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফখরুলের এসব কথা বলেন। মির্জা ফখরুল আরও বলেন, ‘আমরা এ কথা খুব স্পষ্ট ভাষায় বলতে চাই, কোনো মৌলবাদী দল এখানে ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নেই। এ দেশের ৫২ বছরের ইতিহাসে দেখা গেছে, কখনোই কোনো মৌলবাদী দল ক্ষমতায় আসতে পারেনি। বরং তাদের যে শক্তি, সেই শক্তি ক্ষীয়মাণ হয়ে এসেছে।’

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।