× Banner
সর্বশেষ
খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা – ডা. জোবাইদা রহমান আন্তর্জাতিক বাজারে তাঁত শিল্পকে প্রতিষ্ঠা করা হবে – পাটমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ ৬ নারী পেলেন ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কার ঝিনাইদহে যুবক নিহতের ঘটনায় বাসে আগুন, প্রতিবাদে সড়ক অবরোধ শ্রমিকদের ঝিনাইদহে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন ও রিক্সা র‌্যালী শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন জাইমা রহমান নারীকে মূলধারা থেকে দূরে রেখে জাতীয় অগ্রগতি সম্ভব নয় – রাষ্ট্রপতি জ্বালানি সিন্ডিকেট, পাচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে – জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান মির্জা আব্বাসের মানহানির অভিযোগ – নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন জারি সরকার নারীর নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে – প্রধানমন্ত্রী

ভারত প্রতিনিধি

১৮৬ রানেই শেষ ভারতের ইনিংস!

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
১৮৬ রানেই শেষ ভারতের ইনিংস!

টাইগারদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে পড়ে মাত্র ১৮৬ রানে গুটিয়ে গেছে রোহিত শর্মার ভারত। সাকিব আল হাসানের পাঁচ উইকেট শিকার এবং এবাদত হোসেনের চার উইকেটের কল্যাণে দুইশ’র নিচে ভারতীয়দের আটকে রাখতে পেরেছে বাংলাদেশী বলারেরা।

বাংলাদেশের বিপক্ষে মিরপুরের হোম অব ক্রিকেটে প্রথম ওয়ানডে ম্যাচে টসে হেরে ব্যাটিং করতে নেমে ৫২ বল আগেই থেমে গেছে ভারতীয় ব্যাটিং ইনিংস। ৪১ ওভার ২ বলে ১৮৬ রান তুলতে পারে দলটি। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে এগিয়ে যেতে হলে বাংলাদেশকে করতে হবে মোটে ১৮৭ রান।

মিরপুরে এদিন ম্যাচের শুরু থেকেই খেলার লাগাম ছিল বাংলাদেশের হাতে। শুরু থেকেই ভারতীয় ব্যাটসম্যানদের চাপে রাখে টাইগার বোলাররা। ভারতীয় ইনিংসের ৬ষ্ঠ ওভারে শিখর ধাওয়ানকে ফিরিয়ে শুরু হয় উইকেট পতন। ধাওয়ানকে ব্যক্তিগত ৭ রানের মাথায় বোল্ড করে প্যাভিলিয়নে ফেরান মিরাজ।

দ্বিতীয় উইকেট জুটিতে ভারতীয় অধিনায়ক রোহিত এবং তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি ২৫ রানের জুটি গড়ে প্রতিরোধের আভাস দেন। তবে বল হাতে সাকিব আসতেই বদলে যায় দৃশ্যপট। সাকিব ম্যাচে প্রথমবার বল হাতে তুলে নিয়েই এক ওভারে তুলে নেন ২ উইকেট। আর দুটি নামই হচ্ছে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় দুই নাম। রোহিত শর্মা এবং কোহলি।

রোহিতকে ব্যক্তিগত ২৩ রানের মাথায় দারুণ এক আর্মারে বোল্ড করে ফেরান সাকিব। এর দুই বল পর কোহলিকে লিটনের ক্যাচে পরিণত করেন তিনি। তবে কোহলির উইকেটের জন্য সাকিবের চেয়েও বেশি কৃতিত্ব দেওয়া যায় লিটনকে। ৯ রান করা কোহলিকে দুর্দান্ত এক ক্যাচে পরিণত করেন লিটন।

৪৯ রানের মধ্যে ৩ উইকেট হারানো ভারতকে এরপর পথে দেখানোর চেষ্টা করেন শ্রেয়াস আইয়ার ও সহ অধিনায়ক লোকেশ রাহুল। দুইজনে চতুর্থ উইকেট জুটিতে ৪৩ রান যোগ করেন। তবে এবাদত হোসেনের শর্ট বল পুল করতে গিয়ে টপ এজে শ্রেয়াস ফিরলে ভাঙে জুটিটি। আউট হওয়ার আগে ২৪ রান করেন তিনি।

এরপর ওয়াশিংটন সুন্দরকে নিয়ে লোকেশ রাহুল দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। সাকিব নিজের দ্বিতীয় স্পেলে এসে এই জুটিকেও স্থায়ী হতে দেননি। ১৯ রান করা ওয়াশিংটনকে ফিরিয়ে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন সাকিব।

এই সময় সাকিবের বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়ে ম্যাচ থেকে প্রায় পুরোটাই ছিটকে যায় ভারত। ৪ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে বসে তারা। সাকিবও নিজের ৭ ওভার পূর্ণ হওয়ার আগে ম্যাচে পাঁচ উইকেট শিকার করে ফেলেন। এছাড়াও দারুণ এক ক্যাচও ধরেন।

১৮৬ রানের মধ্যে অলআউট হয়ে যায় ভারত। অবশ্য এর জন্য ভারতীয়রা লোকেশ রাহুলকে ধন্যবাদ দিতেই পারে। এই ব্যাটসম্যান এক প্রান্ত আগলে ধরে ৭৩ রান করে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন।

সাকিব এদিন ১০ ওভারে ২ মেডেনে ৩৬ রানের বিনিময়ে ৫ উইকেট শিকার করেন। এছাড়া এবাদত নেন ৪৭ রানের বিনিময়ে ৪ উইকেট। টাইগারদের পক্ষে অন্য উইকেটটি শিকার করেন মেহেদী হাসান মিরাজ ৪৩ রানের বিনিময়ে।


এ ক্যটাগরির আরো খবর..