ব্যাটিং বিপর্যয়ে ভারত

ক্রীড়া ডেস্ক: টস জিতে ব্যাট করতে নেমে প্রথম দিনের চা বিরতির আগেই ৬ উইকেট হারিয়েছে ভারত। ছয় উইকেটের তিনটিই গেছে প্রোটিয়া পেসার মরনে মরকেলের দখলে। দুই স্পিনার সিমন হার্মার ও ডিন এলগারের ঝুলিতে বাকি তিনটি।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য খুব একটা খারাপ ছিল না ভারতের। ৫০ রানের উদ্বোধনী জুটি গড়েন শিখর ধাওয়ান ও মুরলি বিজয়। ধাওয়ানকে (১২) নিজের ফিরতি ক্যাচ বানিয়ে জুটি ভাঙেন স্পিনার এলগার।

ধাওয়ানের বিদায়ের পর বিজয়ও বেশিক্ষণ টেকেননি। দলীয় ৬৯ রানে মরকেলের বলে এলবিডব্লিউ হন ৪০ রান করা বিজয়। এর পরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইনআপ।

দলীয় ৯৪ থেকে ১২৫, ৩১ রানের মধ্যে আরো ৪ উইকেট হারায় স্বাগতিকরা। চেতেশ্বর পূজারাকে (২১) এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন হার্মার। খানিক বাদে পর পর দুই ওভারে অজিঙ্কা রাহানে ও অধিনায়ক বিরাট কোহলিকে সাজঘরের পথ দেখান মরকেল। রাহানেকে (১৩) বোল্ড করার পর কোহলিকে (২২) ভিলাসের ক্যাচে পরিণত করেন এই প্রোটিয়া পেসার।

একটু পর রোহিত শর্মাকে ফিরিয়ে দেন হার্মার। ফলে ১২৫ রানেই ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে কোহলির দল। চা বিরতির আগ পর্যন্ত ভারতের সংগ্রহ ছিল ৬ উইকেটে ১৪৯ রান। রবীন্দ্র জাদেজা (২১) ও ঋদ্ধিমান সাহা (৯) মিলে ভারতকে খাদের কিনারা থেকে টেনে তোলার চেষ্টা করছেন।

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।