× Banner
সর্বশেষ
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে চার‌দিনে দেশে ফিরেছেন ২২১ জন সিলেট বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী প্রকল্পসমূহের কাজ দ্রুত কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ আইসিটি মন্ত্রীর  সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেসি ম্যাজিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা আর্জেন্টিনার সিলেট মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী লিওনেল মেসির মহাকাব্যিক হ্যাটট্রিকে ‘চ্যাম্পিয়নদের অভিশাপ’ ঘুচল আর্জেন্টিনার আজ বুধবার (১৭ জুন) আপনার রাশিফলে কী রয়েছে

বেনাপোল বন্দরের ২৩ নং শেড থেকে এখনো ধোয়া বের হচ্ছে : ২টি তদন্ত টিম কাজ শুরু করেছে

admin
হালনাগাদ: সোমবার, ৩ অক্টোবর, ২০১৬

মো: আনিছুর রহমান বেনাপোল থেকে: এখনো পুড়ে যাওয়া বেনাপোল ন্থলবন্দরের ২৩ নং শেড থেকে ধোয়া বের হচ্ছে। এ শেডের আশে পাশে পোড়া গন্ধে স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। আশে পাশে বিভিন্ন কেমিকেল গলে পানিতে সয়লাব হয়ে পড়েছে। ফলে মালামাল লোড-আনলোডে সাময়িক অসুবিধা দেখা দিয়েছে। তদন্ত  কমিটির কাজ শেষ না হওয়া পর্যন্ত শেডের মধ্যে পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ সরিয়ে ফেলার কাজ চালানো যাচ্ছে না। প্রতি বছরে শতকরা ৫ ভাগ ভাড়া বৃদ্ধি করলেও বেনাপোল বন্দর উন্নয়নে কোন কার্যকরী ব্যবস্থা নেয়নি বন্দর কর্তৃপক্ষ। বন্দরের অব্যবস্থানা নিজ চোখে না দেখলে বোঝা কঠিন। এখানে জনবল সংকট প্রকট। এদিকে ক্ষতিগ্রস্থ আমদানিকারকরা তাদের ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

অগ্নিকান্ডের পর বেনাপোল বন্দরের সহকারি পরিচালক আব্দুল হান্নানকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী ১০ দিনের মধ্যে তাদের রিপোর্ট প্রদান করবে। অপরদিকে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষও একটি কমিটি গঠন করেছে। অতিরিক্ত কমিশনার ফিরোজ উদ্দিনকে প্রধান করে গঠিত এই কমিটিতে রয়েছেন আরো ৪ সদস্য। তারা ৭ দিনের মধ্যে রিপোর্ট প্রদান করবেন। অন্যদিকে একজন যুগ্ম সচিবকে প্রধান করে নৌপরিবহন মন্ত্রণালয় ৪ সদস্য বিশিষ্ট অপর একটি কমিটি গঠন করেছে। ৩টি তদন্ত কমিটির মধ্যে স্থলবন্দর ও কাস্টমসের দুইটি তদন্ত কমিটি সোমবার সকাল থেকে কাজ শুরু করেছেন। অপরদিকে নৌ-পরিবহন মন্ত্রনালয়ের তদন্ত কমিটি এখনো তাদের কাজ শুরু করেনি। তারা মঙ্গলবার সকাল থেকে বেনাপোলে তদন্ত কাজ শুরু করবে বলে সংশ্লিস্ট সূত্র জানায়।

এদিকে বন্দরের ২৩ নং শেডে আগুন নিয়ে নানা কথা শোনা যাচ্ছে। শনিবার অনেক রাত পর্যন্ত ওই শেডে আমদানিকৃত কয়েকটি ভারতীয় পণ্যবাহী ট্রাক থেকে পণ্য আনলোড করা হয়। সেখানে কেউ সিগারেট খেয়ে ফেলে দিয়েছে সেখান থেকে আগুনের সুত্রপাত বলে অনেকে মনে করেন। আবার ওই শেডের ইনচার্জ জানান, শেডের পাশে একটি পোস্ট লাইনে গত ১১ সেপ্টেম্বর আগুন লাগে। হ্যান্ডিলিং শ্রমিকদের সহযোগিতায় সে যাত্রা রক্ষা হয়। ১৮ সেপ্টেম্বর লিখিত ভাবে বৈদ্যুতিক লাইন মেরামতের জন্য আবেদন দেওয়া হয় কর্তৃপক্ষের কাছে। তারপরও কোন ব্যবস্থা নেওয়া হয়নি। আর এ কারণে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।

বন্দরের অব্যবস্থাপনা ও চুরির প্রমাণ লুকাতে অগ্নিকান্ডের মত নাশকতামূলক কর্মকান্ড চালানো হয়ে থাকে এ বন্দরে। বন্দর প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ৭ বার এ বন্দরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৬শ‘ কোটি টাকার মালামাল পুড়ে যায়। যার কোন ক্ষতিপুরন আজোও পায়নি আমদানিকারকরা। বন্দর কর্তৃপক্ষ বন্দরে রক্ষিত মালামালের ভাড়াসহ অন্যান্য অর্থ আদায় করলেও কোন বীমা করেন না রহস্যজনক কারনে। বিভিন্ন সময়ে সংঘটিত অগ্নিকান্ডে তদন্ত গঠিত হলেও রহস্যজনক ভাবে তা ধামাচাপা পড়ে যায়।

দেশের সব চেয়ে বড় বেনাপোল স্থলবন্দরে ৩৮টি ওয়ার হাউজ বা শেড আছে। আর ওপেন ইয়ার্ড রয়েছে ৫টি। এ সব শেড ও ইয়ার্ডে আমদানিকৃত  থেকে ৪৫ হাজার টন পণ্য থাকার কথা থাকলেও সেখানে রয়েছে প্রায় ১ লাখ মেট্রিক টন পণ্য। প্রতিটি শেডে ঠাসাঠাসি করে রাখা হয় এসব পণ্য। পণ্যবাহী ট্রাকগুলো রাখার জায়গায় মাসের পর মাস রাখা হয় বিভিন্ন কোম্পানীর ট্রাক চেচিসসহ পরিবহন। যার ফলে এসব পণ্যবাহী ট্রাক রাখা হয় বন্দরের সড়কে। দাহ্য পদার্থের জন্য আলাদা জায়গা থাকার পরও প্রায় শেডে রাখা হয় দাহ্য পদার্থ। বন্দরের অভ্যন্তরে বৈদ্যুতিক লাইনগুলো ঠিকমত মেরামত না করায় শর্ট সার্কিটেও আগুন লেগেছে কয়েকবার। এতবড় বন্দরে মাত্র ২ জন বাইরের বৈদ্যুতিক মিস্ত্রিকে মাস্টার রোলে নিয়ে কাজ করানো হচ্ছে। এখানে নেই দক্ষ কোন বৈদ্যুতিক ইঞ্জিনিয়ার। বন্দরের বৈদ্যুতিক সরজ্ঞাম ব্যবহার না করে বাইরে পাচারের অভিযোগও রয়েছে। ২০১৩ সালের ২৩ মার্চ বন্দরের ৩ লাখ টাকার বৈদ্যুতিক সরজ্ঞাম বাইরে পাচারের সময় আটক করা হয়।  এ ঘটনায় তৎকালিন কর্মকর্তাকে চাকরিচ্যুতও করা হয়।

বন্দরের নিজস্ব হাইড্রেন পানি সাপ্লাই ব্যবস্থা থাকলেও অগ্নিকান্ডের সময় কাজ করে না। পানি সরবরাহ ব্যবস্থা নিয়মিত পরীক্ষা করা হয় না। বন্দরের ফায়ারম্যানদের তেমন কোন প্রশিক্ষণ দেয়া হয় না। দায়িত্ব পালনেও তাদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ রয়েছে। বন্দরের নিজস্ব পানি সরবরাহ ব্যবস্থা ছাড়াও নিকটবর্তী বেনাপোল ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট রয়েছে। নিজস্ব ব্যবস্থাপনার বাইরে ওই একটি ইউনিটই ভরসা। এ পর্যন্ত যতবার এ বন্দরে অগ্নিকান্ড ঘটেছে বন্দরের নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিভাতে পারেনি। নির্ভর করতে হয় বাইরের ফায়ার সার্ভিসের উপরে।

বন্দরের একজন সহকারি ফায়ার পরিদর্শকের নেতৃত্বে ৩ জন ফায়ারম্যান কাম হাইড্রেন অপারেটর থাকলেও অগ্নিকান্ডের সময় তাদের খুজে পাওয়া যায় না। রবিবারের অগ্নিকান্ডের সময় তাদের মোবাইল বন্ধ ছিল। সার্বক্ষনিক বন্দরের অভ্যন্তরে তাদের থাকার কথা থাকলেও ওইদিন তারা কেউ ছিল না  বলে জানান বন্দর ব্যবহারকারীদের। প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় আগুন নেভাতে ব্যর্থ হচ্ছে বন্দর কর্তৃপক্ষ। আর এ কারনে বার বার আগুনে পুড়ে যাচ্ছে আমদানিকারকদের কোটি কোটি টাকার মালামাল। তাছাড়া বন্দরের শেড ও ইয়ার্ড থেকে প্রায়ই পণ্য চুরির ঘটনা ঘটছে। চুরির প্রমাণ লুকাতে বন্দরের এক শ্রেনীর কর্মচারিরা অনেক সময় অগ্নিকান্ডের মত নাশকতামূলক কর্মকান্ড চালায় বলে অভিযোগ রয়েছে। সব কিছু মিলিয়ে নিরাপত্তা হুমকির মুখে রয়েছে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল।

এ ব্যাপারে বন্দর ব্যবহারকারী বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান জানান, বেনাপোল বন্দরে অগ্নিকান্ডের ঘটনায় আমদানিকারকরা ক্ষতিগ্রস্ত হয়েছে। যা ব্যবসায়ী মহলে চরম উৎকন্ঠা বিরাজ করছে। আমরা জরুরী ভাবে ক্ষতিগ্রস্ত আমদানিকারকদের প্রতিনিধিদের কাছে চিঠি পাঠিয়েছি। ক্ষয়ক্ষতির তালিকা হাতে পাওয়ার পর পরই বিষয়টি নিয়ে বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের উপ পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল জানান, অগ্নিকান্ডের কারণ এখনো জানা যায়নি। আর ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা সম্ভব নয়। এ পর্যন্ত ওই শেডে ১১৫টি পণ্য চালানের কাগজপত্র পাওয়া গেছে। ২৬ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত এই শেডে আর কি পন্য আনলোড করা হয়েছে সেটা কাস্টমস কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হচ্ছে। এছাড়া আর কোন পণ্য ছিল কিনা তাও পরীক্ষা করে দেখা হচ্ছে। সব কিছু হাতে পেলে তবেই ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। তদন্ত কমিটির রিপোর্টের আগে কোন পোড়া পণ্য ওই শেড থেকে সরানো যাবে না বলে জানান তিনি।

রোববার ভোরে বেনাপোল স্থলবন্দরের ২৩ নং শেডে এক ভয়াবহ অগ্নিকান্ডে কয়েক কোটি টাকার আমদানিকৃত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এই শেডে বিভিন্ন গামেন্টস ইন্ডাষ্ট্রিজ ও শিল্প প্রতিষ্ঠানের নামে আমদানিকৃত কাপড়, ডাইস, বিভিন্ন কেমিকেল, মেশিনারী পার্টস, মোটর পার্টস, ফাইবার, মশা তাড়ানো স্প্রে নিউ হিট, তুলা এ্যাসোসিয়েডস গুডস, কাগজ, রক্ষিত ছিল।।  এর আগে ২০০৯ সালের ২২ জুন বেনাপোল বন্দরের ৩৩ নং শেডে সোমবারের ভয়াবহ অগ্নিকান্ডের মোট ক্ষতির পরিমাণ সাড়ে ৩ কোটি টাকা। ২০০৫ সালের ৩০ নভেম্বর বেনাপোল স্থলবন্দরের ১০ নং শেডে  এক ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ১শ‘ কোটি টাকার আমদানিকৃত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ১৯৯৬ সালে বন্দরের ২৩ ও ২৪  নং শেডে  পরিকল্পিত ভাবে অগ্নিকান্ড ঘটিয়ে প্রায় ১শ কোটি টাকার আমদানিকৃত পণ্য পুড়িয়ে দেয়া হয়। ১৯৯৫ সালের ৯ ও ১০ নম্বর শেড আগুন লাগে। এরও আগে অগ্নিকান্ড হয় ১০ নম্বর শেডে।


এ ক্যটাগরির আরো খবর..