বেনাপোলে বসতবাড়িতে হামলা, টাকা-স্বর্ণালংকার লুট

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল (যশোর): বন্দরনগর বেনাপোলের একটি বসত বাড়িতে অস্ত্রের মুখে বাড়ির লোকজনদের জিম্মি করে ৩ লাখ ১৭ হাজার টাকা ও ১৪ ভরি স্বর্ণালংকার লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। লুটপাটের সময় বাধা দিলে দুর্বৃত্তরা বাড়ির লোকজনদের মারধোর ও একজনকে কুপিয়ে জখম করে।

শুক্রবার (২৪ আগস্ট) দিনগত রাত সাড়ে ১২টার দিকে বেনাপোলের বড়আঁচড়া গ্রামের টার্মিনাল পাড়ায় আব্দুর রহমানের বাড়িত এ ঘটনা ঘটে।

আব্দুর রহমান জানান, গভীর রাতে অস্ত্রসহ ১৫ থেকে ২০ জনের একদল দুর্বৃত্ত ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। অস্ত্রের মুখে বাড়ির লোকজনদের জিম্মি করে লুটপাট শুরু করে তারা। এসময় তার ছেলে কলেজ ছাত্র সাগর বাধা দিলে তাকে কুপিয়ে আহত করে ও বাড়ির বাকি সদস্যদের মারপিট করে। দুর্বৃত্তদের মধ্যে তিন জনকে তিনি চিনে ফেলেছে বলেও জানান। বিষয়টি রাতেই পুলিশকে অবহিত করেন তিনি।

বেনাপোল পোর্টথানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজান জানান, খবর পেয়ে রাতেই  ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এছাড়া আহত সাগরকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা তার বাড়িতে হামলা চালিয়ে মারধোর ও ভাংচুর করেছে বলে অনুমান করা হচ্ছে। ক্ষতির শিকার বাড়ির মালিককে থানায় লিখিত অভিযোগ করতে বলা হয়েছে।

অভিযুক্তদের আটকের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে গত ৬ মাসে বেনাপোলে বড় ধরনের ২টি ডাকাতি ও একটি চুরি হলেও এ পর্যন্ত একটি ঘটনারও আসামীদের আটক ও লুণ্ঠিত প্রায় কোটি টাকার স্কর্ণালংকার উদ্ধার করতে পারেনি পুলিশ। এতে আতঙ্ক বেড়েছ এলাকাবাসীর মধ্যে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।