বেনাপোল পৌরসভার আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ৩ নং ওয়ার্ডে এলাকা জুড়ে শুরু হয়েছে নির্বাচনী হাওয়া। এ উপলক্ষে এলাকাকে একটি আধুনিক, সন্ত্রাসমুক্ত ও মাদকমুক্ত ওয়ার্ড হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে ব্যাপক গণসংযোগ ও পথসভা পরিচালনা করেছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ।
সোমবার (৩ আগস্ট) সকাল থেকেই বেনাপোল পৌরসভার ৩ নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লা, ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে সর্বস্তরের সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় ও গণসংযোগ করেন তিনি। এ সময় স্থানীয় বাসিন্দা ও গণমান্য ব্যক্তিবর্গ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।
গণসংযোগে পথসভায় বক্তব্য প্রদানকালে ইমদাদুল হক ইমদাদ বলেন, “৩ নং ওয়ার্ডকে আমরা একটি রোল মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। এলাকার মূল সমস্যা মাদক ও সন্ত্রাস নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করব। একটি নিরাপদ ও শান্তির বাসস্থান হিসেবে এই ওয়ার্ডকে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।
ওয়ার্ডবাসীর জীবনযাত্রার মানোন্নয়নে তিনি একগুচ্ছ প্রতিশ্রুতি তুলে ধরেন।এর মধ্যে উল্লেখযোগ্য হলো: মাদক ও সন্ত্রাস নির্মূল: যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণ।
অবকাঠামোগত উন্নয়ন: জরাজীর্ণ ড্রেনেজ ব্যবস্থা ও রাস্তাঘাটের আধুনিকায়ন, টেকসই সংস্কার এবং নতুন সড়ক নির্মাণ।
স্বাস্থ্য ও শিক্ষা সেবা: সর্বস্তরের মানুষের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ সম্প্রসারণে বিশেষ নজর দেওয়া।
নাগরিক সুবিধা বৃদ্ধি: সুপেয় পানি, আধুনিক আলোকায়ন ও সঠিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা।
গণসংযোগে উপস্থিত ছিলেন স্থানীয় যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং ৩ নং ওয়ার্ডের বিপুল সংখ্যক সাধারণ গণমানুষ।
গণসংযোগকালে এলাকাবাসীও তাঁদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং এমদাদুল হক ইমদাদের প্রতি তাঁদের পূর্ণ সমর্থন ও আস্থা ব্যক্ত করেন।
এ ক্যটাগরির আরো খবর..