করোনা ভাইরাসের বিস্তার রোধ এবং পরিস্থিতির উন্নয়নের লক্ষ্যের সাধারণ ছুটি আগামী ৩০ মে পর্যন্ত বাড়িয়েছে সরকার। আর এ কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইটের স্থগিতাদেশ ও দেশব্যাপী গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত আগামী ৩০মে পর্যন্ত বাড়ানো হয়েছে।
আজ বৃহস্পতিবার ( ১৪ মে) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য অফিসার মো. আবু নাছেরের স্বাক্ষরিত এক নোটিশে এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ স্থগিতাদেশ বাহরাইন, ভুটান, হংকং, ভারত, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, ওমান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, সিংগাপুর, থাইল্যান্ড, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাজ্যের ক্ষেত্রে কার্যকর হবে। তবে কার্গো, ত্রাণ-সাহায্য, এয়ার অ্যাম্বুলেন্স, জরুরি অবতরণ ও বিশেষ ফ্লাইট পরিচালনা কার্যক্রম এ স্থগিতাদেশের আওতার বাইরে থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
দেশে বিমান চলাচলে বেবিচকের নিষেধাজ্ঞা জারি করার আগেই ৩০ এপ্রিল পর্যন্ত সব ফ্লাইট বাতিল করেছিল বিমান। এরপর তা বাড়িয়ে ১৫ মে করা হয়। আবারো তা বাড়িয়ে ৩০ মে পর্যন্ত করা হলো। দেশের সব অভ্যন্তরীণ রুট ছাড়াও আন্তর্জাতিক ১৭টি রুটে ফ্লাইট পরিচালনা করে বিমান।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে বলা হয়েছে, পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন করা যাবে না। এছাড়া জরুরি পরিসেবা বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরসমূহের কার্যক্রম (স্থলবন্দর, নদীবন্দর ও সমুদ্রবন্দর), পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাকসেবা ও সংশ্লিষ্ট কাজ, খাদ্যদ্রব্য, কাঁচাবাজার, সড়ক ও নৌপথে সবপ্রকার পণ্য, রাষ্ট্রীয় প্রকল্পের মালামাল, ওষুধ, ওষুধশিল্প, চিকিৎসা সেবা ও চিকিৎসা বিষয়ক সামগ্রী পরিবহন, শিশুখাদ্য, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া, ত্রাণ, কৃষিপণ্য, শিল্পপণ্য, সার, বীজ, কীটনাশক, পশুখাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উৎপাদিত পণ্য, দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য এবং জীবনধারণের মৌলিক পণ্য উৎপাদন ও পরিবহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।



