অনৈতিক ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু ও সদস্যসচিব তানভীর আহমেদ রবিনের সিদ্ধান্তে তাকে সংগঠনের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
দলীয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আলী আজমকে তার দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে বহিষ্কৃত নেতার সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক বা সাংগঠনিক যোগাযোগ না রাখার জন্য বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।
তবে বিজ্ঞপ্তিতে আলী আজমের বিরুদ্ধে কী ধরনের অনৈতিক বা সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।


