× Banner

ডেস্ক

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন ১৯ জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

আসন্ন জেলা পরিষদ নির্বাচনে পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ (রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি) বাদে বাকি ৬১ জেলা পরিষদের নির্বাচন আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে।  জেলা পরিষদ নির্বাচনে ১৯ চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন। তাদের প্রায় সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী। বাকি ৪২ জেলায় চেয়ারম্যান পদে দুই বা তার অধিক প্রার্থী আছেন। এর মধ্যে বেশির ভাগই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। এছাড়া জাতীয় পার্টি, বাংলাদেশ জাসদ, ইসলামী আন্দোলনের কয়েকজন প্রার্থীও রয়েছেন। সব মিলিয়ে ৬১ জেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ১৬২ জন। এছাড়া সাধারণ সদস্য পদে ১৯৮৩ জন ও সংরক্ষিত সদস্য পদে ৭১৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ১৭ অক্টোবর ভোট হবে।

আজ ১৫ সেপ্টেম্বর জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে তাদের নির্বাচিত হওয়ার এই তথ্য পাওয়া গেছে।

চেয়ারম্যান পদে একজন করে প্রার্থী থাকা জেলাগুলো হলো-গোপালগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, ঝালকাঠি, টাঙ্গাইল, ঠাকুরগাঁও, নওগাঁ, নারায়ণগঞ্জ, ফেনী, বরগুনা, বাগেরহাট, ভোলা, মাদারীপুর, মুন্সীগঞ্জ, মৌলভীবাজার, লক্ষ্মীপুর, লালমনিরহাট, শরীয়তপুর, সিরাজগঞ্জ ও সিলেট।

তফশিল অনুযায়ী-মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল বৃহস্পতিবার, মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হলে রিটার্নিং কর্মকর্তারা একক প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করবেন।

প্রতিনিধিদের পাঠানো সংবাদ : গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুন্সি মো. আতিয়ার রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন। নির্ধারিত সময়ের মধ্যে চেয়ারম্যান পদে অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি।

ঝালকাঠি জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির মনোনয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র দাখিল না করায় তিনি একমাত্র প্রার্থী। ফলে মনোনয়নপত্র বৈধ হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনিই হবেন জেলা পরিষদের চেয়ারম্যান। ৬টি সদস্য পদে ১৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এসব পদে আওয়ামী লীগের ছয় প্রার্থী শমিসুল ইকরাম পিরু, নলছিটি উপজেলায় সোহরাব হোসেন মাস্টার, রাজাপুরে অ্যাডভোকেট খাইরুল আলম সরফরাজ, কাঁঠালিয়ায় এসএম ফয়জুল আলম সিদ্দিকী ফিরোজ, সংরক্ষিত নারী সদস্য হিসাবে হোসনে আরা মান্নান (ঝালকাঠি-নলছিটি) ও নারী সদস্য হিসাবে জাহানারা হক (রাজাপুর-কাঁঠালিয়া) মনোনয়নপত্র দাখিল করেন। সদস্য পদে আওয়ামী লীগের মনোনয়ন ছাড়াও ৯ জন মনোনয়নপত্র দাখিল করেন।

প্রতিদ্বন্দ্বী না থাকায় টাঙ্গাইলে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান হতে যাচ্ছেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক। বৃহস্পতিবার শেষ দিনে চেয়ারম্যান পদে আর কোনো মনোনয়ন পত্র জমা না হওয়ায় তিনি নির্বাচিত হওয়ার পথে। এর আগে মঙ্গলবার রাতে দলীয় প্রার্থী ফারুককে সমর্থন জানিয়ে জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলমগীর খান মেনু নির্বাচন থেকে সরে দাঁড়ান।

বৃহস্পতিবার দুপুরে অপর প্রার্থী নিহত আ.লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের ছেলে আহমেদ সুমন মজিদও তাকে সমর্থন দেন। এদিকে জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে টাঙ্গাইলের ১২টি সাধারণ আসনে ৪৯ জন এবং চারটি সংরক্ষিত নারী আসনে ১২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুহা. সাদেক কুরাইশী। বৃহস্পতিবার শেষ দিন একক প্রার্থী হিসাবে চেয়ারম্যান পদে মুহা. সাদেক কুরাইশী মনোনয়ন জমা দেন। আর সংরক্ষিত নারী আসনে সদস্য পদে ১১ এবং সাধারণ আসনে ২৮ জন মনোনয়ন দাখিল করেছেন। জেলা নির্বাচন অফিসার সফিকুল ইসলাম বলেন, চেয়ারম্যান পদে একজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়া মুহা. সাদেক কুরাইশী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।

নওগাঁ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট একেএম ফজলে রাব্বি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। শেষ দিন বৃহস্পতিবার তিনি ছাড়া আর কেউ মনোনয়নপত্র দাখিল করেননি। এদিকে ১১টি সাধারণ ওয়ার্ডের সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৪৯ জন। সদস্য পদে চারটি সংরক্ষিত ওয়ার্ডের বিপরীতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৬ জন। নওগাঁ সদর উপজেলা নির্বাচন অফিসার মো. রুহল আমিন বিষয়টি নিশ্চিত করেন।

নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হতে চলেছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি চন্দন শীল। চন্দন শীল ছাড়া অন্য কোনো চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। সদস্য ও মহিলা (সংরক্ষিত) সদস্য পদে মোট ২৭ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা পড়েছে।

ফেনী জেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হচ্ছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান ও ৮ সদস্য। বৃহস্পতিবার শেষ দিন চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সহসভাপতি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বর্তমান প্রশাসক খায়রুল বাশার মজুমদার তপন একাই মনোনয়নপত্র জমা দেন। একইভাবে নির্বাচনে সদস্য পদে জেলা আওয়ামী লীগের মনোনীত ৮ প্রার্থী ছাড়া অন্য কেউ মনোনয়নপত্র জমা দেননি।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর। বৃহস্পতিবার বরগুনা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক হাবিবুর রহমানের কাছে জাহাঙ্গীর কবিরের একটিমাত্র মনোনয়ন ফরম দাখিল হয়। এছাড়া সংরক্ষিত ২টি আসনের বিপরীতে ৮ জন ও সাধারণ সদস্য ৬ জনের বিপরীতে ২৩ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

বাগেরহাট জেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু। শেষদিন আর কোনো প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেননি। অন্য কোনো দল অংশ না নেওয়ায় সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে আওয়ামী লীগ দলীয় একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাগেরহাটে মনোনয়নপত্র দাখিলের শেষদিনে ৯টি সাধারণ সদস্য পদে ২৯ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে ফকিরহাট উপজেলা আসনে মাত্র একজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ভোলা জেলা পরিষদ নির্বাচনে একক প্রার্থী হওয়ায় তৃতীয়বারের মতো চেয়ারম্যান হতে যাচ্ছেন বর্তমান প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবদুল মমিন টুলু। বৃহস্পতিবার তিনি ছাড়া আর কেউ মনোনয়নপত্র জমা দেননি। অন্যদিকে সাধারণ সদস্য সাত পদের বিপরীতে ১০টি, নারী সদস্য ৩ পদের বিপরীতে ৫টি মনোনয়নপত্র জমা পড়েছে।

মাদারীপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে মোট ২৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুনির চৌধুরী চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসাবে আছেন। তার মনোনয়নপত্র বৈধ হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনিই হবেন জেলা পরিষদ চেয়ারম্যান। এছাড়াও জেলায় সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮ জন ও সাধারণ সদস্য পদে ১৬ প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মুন্সীগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হতে যাচ্ছেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি, বঙ্গবন্ধুর চিফ সিকিউরিটি অফিসার মোহাম্মদ মহিউদ্দিন। চেয়ারম্যান পদে একজনই মনোনয়নপত্র জমা দেন। সদস্য ৬টি পদের বিপরীতে ৩০ জন এবং সংরক্ষিত নারী আসনে ৩টি পদের বিপরীতে ১০ জন মনোনয়নপত্র জমা দেন।

মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একক মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান। বৃহস্পতিবার বেলা ২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। সাধারণ সদস্য পদে ২৮ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান পদে বর্তমান প্রশাসক ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান মনোনয়ন ফরম জমা দিয়েছেন। তিনি দ্বিতীয়বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হতে যাচ্ছেন। এছাড়া ৫টি ওয়ার্ডে ২২ জন সদস্য প্রার্থী ও সংরক্ষিত ২টি আসনে ১০ জন নারী প্রার্থী ফরম জমা দিয়েছেন।

লালমনিরহাট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একমাত্র আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মতিয়ার রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন। লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল হাসান বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, এ পদে আর কোনো প্রার্থী না থাকায় বিধি অনুযায়ী তাকে নির্বাচিত ঘোষণা করা হবে। আ.লীগ প্রার্থী অ্যাড. মতিয়ার রহমান লালমনিরহাট জেলা পরিষদের বর্তমান প্রশাসক।

শরীয়তপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার মনোনয়নপত্র দাখিল করেন। শেষ দিন বৃহস্পতিবার এ জেলায় অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে রয়েছেন। সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ জন ও সাধারণ সদস্য পদে ২১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। দ্বিতীয়বারের মতো সিরাজগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হবার পথে রয়েছেন আওয়ামী লীগ প্রার্থী আব্দুল লতিফ বিশ্বাস। বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আর কোনো প্রার্থী মনোনয়ন জমা দেননি। এ জেলার ৩টি সংরক্ষিত ওয়ার্ডের বিপরীতে ২০টি এবং ৯টি সাধারণ ওয়ার্ডে ৫২টি মনোনয়নপত্র জমা পড়েছে।

সিলেট চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন চারজন। তাদের মধ্যে থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান দলীয় মনোনয়ন দিয়েছিল আওয়ামী লীগ। বৃহস্পতিবার শেষ দিনে তিনি ছাড়া আর কেউ মনোনয়নপত্র জমা দেননি। ফলে সিলেট জেলায় তিনিই চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। সাধারণ সদস্য পদে ৫৫ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আছে যেসব জেলায় : পটুয়াখালী জেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহনসহ আরও তিনজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্যদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসাবে জেলা যুবলীগের সাবেক নেতা বিশিষ্ট ব্যবসায়ী অ্যাডভোকেট হাফিজুর রহমান হাফিজ, পটুয়াখালী সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি (আওয়ামী লীগ থেকে অব্যাহতিপ্রাপ্ত) বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদ এবং স্বতন্ত্র প্রার্থী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা অ্যাডভোকেট মাকসুদুর রহমান। এছাড়া সংরক্ষিত তিনটি ওয়ার্ডে ১১জন এবং সাধারণ ৮টি ওয়ার্ডে (৮টি উপজেলা) ২৫ জন মোট ৪০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

ঝিনাইদহ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের দুই নং যুগ্ম সাধারণ সম্পাদক কনক কান্তি দাস, সদর পৌরসভার সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আনিচুর রহমান খোকা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মকবুল হোসেন ও সৃজনী বাংলাদেশের (এনজিও) নির্বাহী পরিচালক একেএম হারুন অর রশীদ।

শেরপুর জেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে চারজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন- আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল। এছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের বিদায়ী প্রশাসক হুমায়ুন কবির রুমান, জেলা জাতীয় পার্টির সভাপতি শেরপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইলিয়াছ উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী জেলা পরিষদের সাবেক কাউন্সিলর মোহাম্মদ জাকারিয়া। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ১৯ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে সাত জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। নোয়াখালীতে চেয়ারম্যান সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে ৬০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবদুল ওয়াদুদ পিন্টুসহ তিনজন মনোনয়ন জমা দিয়েছেন। জেলা নির্বাচন কার্যালয়ের তথ্যমতে, সাধারণ সদস্য পদে ৩৯জন ও সংরক্ষিত সদস্য পদে মনোনয়নপত্র নিয়েছেন ১৮ জন। চেয়ারম্যান পদে অন্য প্রার্থীরা হলেন নোয়াখালী শহর আওয়ামী লীগের সাবেক সদস্য আলাবক্স তাহের টিটু ও মুশফিকুর রহমান।

চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান পদে জেলা পরিষদ প্রশাসক শেখ সামসুল আবেদীন খোকনসহ চারজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্যরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহফুজুর রহমান মনজু, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা মুফতি আবদুস সালাম ও যুবলীগ নেতা বিশিষ্ট ঠিকাদার আরেফিন আলম রনজু। এদের মধ্যে বর্তমান জেলা পরিষদের প্রশাসক শেখ সামসুল আবেদীন খোকন এবং আরেফিন আলম রঞ্জু বিদ্রোহী প্রার্থী। এছাড়া সংরক্ষিত মহিলা আসনের দুটি সদস্য পদে ১০ জন এবং ৪টি সাধারণ সদস্য পদে ১৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। পিরোজপুরে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী এবং সাধারণ সদস্য পদে ৪৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে পুরুষ ৩৪ জন এবং মহিলা পদে ১৩ জন রয়েছেন। চেয়ারম্যান পদে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন- আবদুল্লাহ আল মাসুদ, বিদায়ী জেলা প্রশাসক মহিউদ্দিন মহারাজ, মোসাম্মাৎ হাসিনা মনি, সালমা রহমান হ্যাপী, শহিদুজ্জামান সিকদার ও আমীর হোসেন।

জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান খলিফা প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে চেয়ারম্যান পদে চারজনসহ ৬১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। শেষ দিন বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। সহকারী রিটার্নিং অফিসার শহীদুল ইসলাম জানান, ৭৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও নির্ধারিত সময়ের মধ্যে জমা দিয়েছেন ৬১ প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে পাঁচজন মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দিয়েছেন চারজন। আর তিনটি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ১৮ জন এবং নয়টি সাধারণ ওয়ার্ডে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩৯ জন। চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, স্বতন্ত্র প্রার্থী হিসাবে আওয়ামী লীগ নেতা আক্তারুজ্জামান আক্তার, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল ও আফজাল হোসেন।

নেত্রকোনা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজনসহ ৬৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ’৭৫-এর প্রতিরোধ যোদ্ধা অ্যাডভোকেট অসীত সরকার সজল। জাতীয় পার্টি থেকে কেন্দ্রীয় জাতীয় পার্টির কার্যকরি কমিটির সদস্য, জেলা জাতীয় কৃষক পার্টির আহ্বায়ক ও জেলা পরিষদের সাবেক সদস্য আসমা সুলতানা আশরাফ ও স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল করেছেন সাবেক ছাত্রলীগ ও যুবলীগ নেতা, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানির নেত্রকোনা ব্যবস্থাপক আবু সাঈদ খান জ্যোতি। এ ছাড়া জেলার ১০ উপজেলায় ১০ জন সদস্যের বিপরীতে ৪৬ জন ও তিনজন নারী সদস্যের বিপরীতে ১৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

খুলনা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন জেলা আওয়ামী লীগের সভাপতি, বর্তমান জেলা পরিষদের প্রশাসক এবং আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শেখ হারুনুর রশীদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ক্রীড়া সংগঠক এসএম মোর্তজা রশিদী দারা এবং বিএমএ জেলা সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ডা. শেখ বাহারুল আলম। এ ছাড়া সদস্যের ৯টি পদে ৩৪ জন, সংরক্ষিত তিনটি সদস্য পদে ১৫ জন মনোনয়নপত্র জমা দেন।

মাগুরা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বিগত নির্বাচনে বিজয়ী জেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু। এদিকে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলার শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জিহাদ মিয়া এবং সাবেক ছাত্রলীগ কর্মী শরিয়ত উল্লাহ রাজন।

ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে বৃহস্পতিবার শেষ দিনে চেয়ারম্যান পদে দুজন মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক প্রেসিডিয়াম সদস্য ফারুক হোসেন ও স্বতন্ত্র প্রার্থী যুবলীগের কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক শাহাদাত হোসেন। এ ছাড়া ১৩টি সদস্য পদে অর্ধশতাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ কে এম শফিকুল মোর্শেদ আরুজ। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন ইমামুজ্জামান চৌধুরী, মো. রাশেদুজ্জামান, পাংশা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি দীপক কুন্ডু, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. রকিবুল হাসান পিয়াল। এ ছাড়া, সংরক্ষিত মহিলা ওয়ার্ড-১ সদস্য পদে ৭ জন, সংরক্ষিত মহিলা ওয়ার্ড-২ সদস্য পদে একজন, সাধারণ সদস্য ওয়ার্ড-১ পদে ছয় জন, সাধারণ সদস্য ওয়ার্ড-২ পদে তিনজন, সাধারণ সদস্য ওয়ার্ড-৩ পদে ১০ জন, সাধারণ সদস্য ওয়ার্ড-৪ পদে ছয়জন, সাধারণ সদস্য ওয়ার্ড-৫ পদে সাতজন মনোনয়নপত্র দাখিল করেন।

যেসব জেলায় একাধিক প্রার্থী রয়েছেন

জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে হবিগঞ্জে চারজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বর্তমান প্রশাসক আওয়ামী লীগ দলীয় প্রার্থী ডা. মুশফিক হুসেন চৌধুরী, আমেরিকা প্রবাসী আওয়ামী লীগ কর্মী শাহীন আহমেদ, কৃষক শ্রমিক জনতা লীগের অ্যাডভোকেট মো. নূরুল হক ও জাতীয় পার্টি নেতা মোল্লা আবু নঈম মোহাম্মদ শিবলী খায়ের। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন এবং সাধারণ সদস্য পদে ৩১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। জেলায় মোট ভোটার রয়েছেন এক হাজার ১০৪ জন।

গাইবান্ধা জেলা পরিষদ চেয়ারম্যান পদে চারজন মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক এবং জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আতাউর রহমান আতা, জাসদের কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক এসএম খাদেমুল ইসলাম খুদি এবং শরিফুল ইসলাম (স্বতন্ত্র প্রার্থী) মনোনয়নপত্র দাখিল করেছেন। এ ছাড়া সাধারণ সদস্য পদে ২৬ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য আসনে ১০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন বলে জানা গেছে।

নাটোর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন ও সদস্য পদে মোট ৫২ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। চেয়ারম্যান প্রার্থী হিসাবে আওয়ামী লীগের অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, জাতীয় পার্টির ড. নূরন্নবী মৃধা ও মো. রায়হান শাহ। এ ছাড়া সাধারণ সদস্য পদে সাতটি পদের বিপরীতে ৩৯ জন ও সংরক্ষিত নারী আসনের দুটি পদের বিপরীতে ১৩ জন মনোনয়ন জমা দিয়েছেন।

চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট বাবর আলী ও এসএম আবু সায়েম এই তিনজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। জেলা প্রশাসক কার্যালয় তথ্যমতে, আসন্ন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন, সাধারণ সদস্য পদে ২৯ জন ও সংরক্ষিত সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৫ জন।

যশোর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদে ৫৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে দুজন চেয়ারম্যান প্রার্থী, সাধারণ সদস্য ৪০ জন ও সংরক্ষিত সদস্য পদে ১৪ জন প্রার্থী রয়েছেন। চেয়ারম্যান পদে জেলা পরিষদের বর্তমান প্রশাসক ও আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী সাইফুজ্জামান পিকুল মনোনয়ন জমা দিয়েছেন। এ ছাড়া লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রার্থী ও দলটির যুগ্ম মহাসচিব মারুফ হোসেন কাজল মনোনয়ন জমা দিয়েছেন। এ ছাড়াও আটটি সাধারণ সদস্য পদের বিপরীতে ৪০ জন ও তিনটি সংরক্ষিত নারী সদস্য পদের বিপরীতে ১৪ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

কুমিল্লা জেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে মোট ৮৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু মনোনয়ন জমা দিয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসাবে দুলাল মিয়া মনোনয়ন জমা দিয়েছেন। জেলা প্রশাসকের তথ্যমতে, সাধারণ সদস্য পদে ৬৪ জন ও সংরক্ষিত সদস্য পদে মনোনয়নপত্র ২০ জন মনোনয়ন জমা দিয়েছেন।

বরিশাল জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুজন প্রার্থী মনোনয়পত্র জমা দিয়েছেন। তারা হলেন আওয়ামী লীগ মনোনীত মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর এবং স্বতন্ত্র আসাদুজ্জামান আসাদ। স্বতন্ত্র প্রার্থী আসাদের রাজনৈতিক পরিচয় নেই। এ ছাড়া সাধারণ ১০টি সদস্য পদের বিপরীতে ৪২ জন এবং সংরক্ষিত নারী সদস্যের চারটি পদের জন্য ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মানিকগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন দুজন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৪ জন ও সাধারণ সদস্য পদে ২৩ জন। চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম মহীউদ্দীন ও স্বতন্ত্র প্রার্থী একেএম বজলুল হক।

পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজনসহ মোট ৩৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে জেলার পাঁচ উপজেলার পাঁচটি সাধারণ সদস্য পদে ২৩ জন ও দুটি সংরক্ষিত মহিলা সদস্য পদে পাঁচজন। চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেয়া পাঁচ প্রার্থী হলেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আবু তোয়বুর রহমান, জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী বোদা উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি গোলাম রহমান, বাংলাদেশ জাসদ সমর্থিত প্রার্থী জেলা জাসদের সভাপতি এমরান আল আমিন এবং স্বতন্ত্র হিসাবে আব্দুল হান্নান শেখ ও দেলদার রহমান।

কুড়িগ্রাম জেলা পরিষদ নির্বাচনে ৫৬ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. জাফর আলী ও স্বতন্ত্র প্রার্থী মো. শফিকুল ইসলাম মুছল্লি। এছাড়া সাধারণ সদস্য পদে ৪৩ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

নড়াইল জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন, সংরক্ষিত মহিলা সদস্য পদে সাতজন এবং সাধারণ সদস্য পদে ১৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। শেষ দিনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমীর লিটু ও স্বতন্ত্র প্রার্থী এসএম সুলতান মাহমুদ বিপ্লব মনোনয়নপত্র জমা দিয়েছেন। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১নং ওয়ার্ডে চারজন এবং ২নং ওয়ার্ডে তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ডে পাঁচজন, ২নং ওয়ার্ডে পাঁচজন এবং ৩নং ওয়ার্ডে চারজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বগুড়া জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুজনসহ চারটি সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৭ জন ও ১২ সাধারণ সদস্য পদে ৪৪ জন মনোয়নপত্র জমা দিয়েছেন। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত ডা. মকবুল হোসেন ও স্বতন্ত্র প্রার্থী আবদুল মান্নান আকন্দ মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নরসিংদী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। শেষ দিনে চেয়ারম্যান পদে পাঁচজন, ৬টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ১৮ জন ও ২টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ১১ জনসহ মোট ৩৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে সাধারণ সদস্য পদে ২নং ওয়ার্ডে একজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেওয়া পাঁচ প্রার্থী হলেন আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রাপ্ত বর্তমান প্রশাসক আব্দুল মতিন ভূঁইয়া। এ ছাড়া অন্য স্বতন্ত্র প্রার্থীরা হলেন মনির হোসেন ভূঁইয়া, লায়লা কানিজ, মো. জলিল সরকার ও সৈয়দ মাহমুদ জামান লিটু।

পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ (রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি) বাদে বাকি ৬১ জেলা পরিষদের নির্বাচন আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৫ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ সেপ্টেম্বর। জেলা পরিষদে সাধারণ ভোটাররা ভোট দেন না। উপজেলা পরিষদ, সিটি করপোরেশন, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধিরা এখানে ভোটার।


এ ক্যটাগরির আরো খবর..