বিশেষ প্রতিবেদকঃ বাঙালি সংস্কৃতি আর মুক্তিযুদ্ধের চেতনায়, ঐক্যের আহ্বানে আয়োজন করা হচ্ছে কণ্ঠশিল্পীদের সঙ্গে দর্শক-শ্রোতার গলা মেলানো এক ব্যতিক্রমী অনুষ্ঠান। ঢাকা বিশ্ববিদ্যালয় ও ছায়ানটের উদ্যোগে এতে অংশ নেবেন ৪ হাজার শিল্পী।
সাম্প্রদায়িকতার ধুয়ো তুলে, সম্প্রতি চলা হানাহানি ও বিভেদ থেকে বেরিয়ে আসতে, মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন করে মানুষের সামনে তুলে ধরার প্রয়াসেই এ আয়োজন বলে জানিয়েছেন ছায়ানট সভাপতি সনজীদা খাতুন।
সুর আর ছন্দে জীবনের উল্লাস প্রকাশ। গান আর নাচের এ মহড়া দেশের গান নিয়ে। আর তাতে আছে বেদনা, দ্রোহ, মুক্তির আহবান।
শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবনের এ মহড়া, এক বিশেষ প্রস্তুতির। দেশ ও মানবতার গান দিয়ে ঐক্যের আহবান নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ছায়ানট যৌথভাবে, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্র মাঠে প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে দর্শক- শ্রোতাদের গলা মেলানো অনুষ্ঠানের।
যেখানে শিল্পীরাই শুধু গাইবেন না, তাদের সাথে যোগ দেবেন সবাই। মহড়ার এক ফাঁকে সাংবাদিকদের সাথে কথা বলেন, ছায়ানট সভাপতি সনজীদা খাতুন।
এ সময় তিনি বলেন, ‘যেভাবে হত্যাকাণ্ড ঘটছে। নানা রকম সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে। এখন দরকার সাধারণ মানুষকে কিছুটা জাগানোর চেষ্টা করা। ছায়ানট হয়েছিল মানুষকে জাগানোর জন্য। মানুষের ভেতরে সংস্কৃতিবোধ প্রতিষ্ঠা করার জন্য। যাতে করে মানুষ ১৬ ডিসেম্বরের তাৎপর্য ভালো করে শেখে।’
অসাম্প্রদায়িকতার ধুয়ো তুলে, সম্প্রতি চলা হানাহানি ও বিভেদ থেকে বেরিয়ে আসতে সংস্কৃতিকর্মীরা আবারো বাঙালি সংস্কৃতি আর মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন করে মানুষের সামনে তুলে ধরবে বলে জানান তিনি। তার একটি প্রয়াস, বিজয় দিবসের এ আয়োজন।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, এখানে অংশ নেবেন ৪ হাজারের মতো কণ্ঠশিল্পী। পুরো অনুষ্ঠান জুড়ে থাকবে দেশাত্মবোধক গান, নাচ, আবৃত্তি।