× Banner
সর্বশেষ
ডিজাইন-ফর-ম্যানুফ্যাকচারিং স্তরে প্রবেশ করেছে ভারতের আকাশসীমা আজ ২৬ এপ্রিল রবিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ রবিবার (২৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষার প্রকৃত মান ফিরিয়ে আনতে কাজ করছে সরকার -সংস্কৃতিমন্ত্রী সৃজনশীল চিন্তার সমষ্টিগত চর্চা জাতির জন্য একটি সম্পদে পরিণত হবে -তথ্যমন্ত্রী কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি

বিএনপি নেতার বসতঘরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ ৯০ শতাংশ দগ্ধ হয়ে আইসিইউতে স্মৃতির মৃত্যু!  

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
অগ্নিসংযোগ ৯০ শতাংশ দগ্ধ হয়ে

লক্ষ্মীপুরে বিএনপি নেতার বসতঘরে দুর্বৃত্তদের নৃশংস অগ্নিসংযোগের ঘটনায় একে একে প্রাণ ঝরছে পরিবারের সদস্যদের। আগুনে শরীরের প্রায় ৯০ শতাংশ দগ্ধ হয়ে দীর্ঘ পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে মারা গেলেন কিশোরী সালমা আক্তার স্মৃতি (১৭)। এর আগে একই ঘটনায় নিহত হয় তার ছোট বোন শিশু শিক্ষার্থী আয়েশা আক্তার বিন্তি (৮)।
বুধবার (২৪ ডিসেম্বর) রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় স্মৃতির মৃত্যু হয়। রাত ১টার দিকে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেন।
নিহত স্মৃতি লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির ৬ নম্বর ওয়ার্ডের সহ-সাংগঠনিক সম্পাদক ও ব্যবসায়ী বেলাল হোসেনের মেয়ে। পরিবারের দাবি, পরিকল্পিতভাবে বাড়ির সদস্যদের পুড়িয়ে হত্যার উদ্দেশ্যেই এ অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ১৯ ডিসেম্বর গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সুতারগোপ্তা এলাকায় বেলাল হোসেনের টিনশেড বসতঘরে দুর্বৃত্তরা বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে দেয়। এরপর ঘরের ভেতরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। গভীর রাতে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ঘরের ভেতরে থাকা পরিবারের সদস্যরা আটকা পড়েন।
এ ঘটনায় ঘটনাস্থলেই আগুনে পুড়ে মারা যায় বেলালের ছোট মেয়ে তৃতীয় শ্রেণির ছাত্রী আয়েশা আক্তার বিন্তি। গুরুতর দগ্ধ হন বেলাল হোসেন, তার বড় মেয়ে স্মৃতি এবং মেজো মেয়ে অষ্টম শ্রেণিতে পড়ুয়া সায়মা আক্তার বিথি।
স্থানীয়রা আগুন দেখে এগিয়ে এসে দরজা ভেঙে আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় স্মৃতি ও বিথিকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে পাঠানো হয়। চিকিৎসকদের তথ্যমতে, স্মৃতির শরীরের প্রায় ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। অন্যদিকে বিথির শরীরের মাত্র ২ শতাংশ দগ্ধ হওয়ায় চিকিৎসা শেষে তাকে পরদিনই হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।
দগ্ধ বাবা বেলাল হোসেন লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে বর্তমানে বাড়িতে অবস্থান করছেন। তবে বড় মেয়ের মৃত্যুতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।
এদিকে ঘটনার চার দিন পর মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে বেলাল হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে লক্ষ্মীপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ তদন্ত কার্যক্রম জোরদার করেছে।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে তিনটি তালা উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুটি তালা বন্ধ অবস্থায় এবং একটি খোলা অবস্থায় পাওয়া যায়। তবে এখন পর্যন্ত পেট্রোল ঢেলে আগুন লাগানোর সরাসরি আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, “ঘটনার দিন আগুনে পুড়ে শিশু আয়েশার মৃত্যু হয়। আজ চিকিৎসাধীন অবস্থায় তার বড় বোন স্মৃতিও মারা গেছে। নিহতদের বাবা মামলা করেছেন। মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..