স্বাধীনতাবিরোধী পরাজিত অপশক্তি বিএনপি-জামায়াত এখনো সোচ্চার রয়েছে। তারা বিরোধী দলের মানুষদের গ্রেনেড মেরে, ৭৬ কেজি বোমা মেরে, অগ্নিসংযোগ করে জনগণকে পঙ্গু করে দেশের অর্থনীতি ভেঙে দিতে চায়। সবাইকে বিএনপি-জামায়াতের ব্যাপারে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাত ১০টায় পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের আয়োজনে ‘শিক্ষার গুণগত মান উন্নয়ন” শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপি-জামায়াতের উদ্দেশে তিনি বলেন, আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ কি রাজনীতি করে? তারা রাজনীতি করে না। তারা অপরাজনীতি করে। রাজনীতির নামে করে হত্যা, খুন, নাশকতা। সেগুলো রাজনীতির উপাদান হতে পারে না। তাদের কাজ হলো আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলা, বিরোধীতা করাটাই তাদের রাজনীতি।
আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ১৯৭১ আর ’৭৫ এর স্বাধীনতাবিরোধী অপশক্তিদের অসম্পন্ন কাজ কিন্তু অসমাপ্তই রয়ে গেছে। ’৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে নিশ্চিহ্ন করার পর দুই মেয়ে প্রাণে বেঁচে যান। তাই গত ৪১ বছরের মধ্যে স্বাধীনতাবিরোধী অপশক্তি বঙ্গবন্ধুর উত্তরসূরি শেখ হাসিনাকে ২১ বার হত্যার ষড়যন্ত্র করেছে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে, সতর্ক থেকে তাদের প্রতিহত করতে হবে।
পাবনা এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হাফিজা খাতুন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. এস এম মোস্তফা কামালসহ অনেকে।