আওয়ামী সরকারের বিরুদ্ধে বিএনপির আন্দোলন বাঘাম্বর, এমন বক্তব্য ১৪ বছর ধরে শোনে আসছি। এগুলো শোনতে শোনতে মানুষের কাছেও হাস্যকর কৌতুক হিসেবে দাঁড়িয়েছে। বিএনপির হুমকি মানুষের কাছে হাস্যরস তৈরি করে। বিএনপির কর্মীরাও এসব বিশ্বাস করে না। তারা যে হুমকি দিচ্ছে এগুলোর ওপরে কর্মীদেরও আস্থা নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ রোববার (৩০ এপ্রিল) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি-বাচসাস নেতাদের ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, গত বছরের ১০ ডিসেম্বরের পর বিএনপির ভেতরে আলোচনা হচ্ছে আন্দোলনের কি হলো, আন্দোলন এভাবে মাঠে মারা গেলো কেন? যে আন্দোলন তাদের মাঠে মারা গেছে সে আন্দোলন আর জীবিত করতে পারবে না।
ডা. হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগ সব সময় নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় গেছে। আসরা জনগণের শক্তিতে ও জনগণের রায়কে বিশ্বাস করি। বরং বিএনপি নির্বাচনে বিশ্বাস করে না। সেজন্য তারা নির্বাচন বর্জন করছেন। ইউনিয়ন পরিষদ নির্বাচন ও সাধারণ মেম্বার নির্বাচন পর্যন্ত বর্জন করেছে। তার মানে তারা নির্বাচনে বিশ্বাস করে না। ২০১৪ সালে নির্বাচন বর্জন করেছেন নির্বাচন প্রতিহত করার চেষ্টা করেছেন। ২০১৮ সালের নির্বাচনেও অংশ গ্রহণ করেছে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য। বিএনপি বরং নির্বাচনে বিশ্বাস করে না।
তিনি বলেন, বিএনপির পরিকল্পনার অংশ হচ্ছে খালেদা জিয়াকে অসুস্থ দেখানো। কারণ খালেদা জিয়া সুস্থ আছেন। কিন্তু দিন আগে বিএনপির নেতারা বলেছিলো, খালেদা জিয়াকে যদি বিদেশ নেওয়া না হয় তাহলে তার জীবন শঙ্কায় পড়বে। সেটি বলার মধ্য দিয়ে আমরা দেখতে পেলাম তিনি বাংলাদেশের হাসপাতালে চিকিৎসা নিয়ে ভালো হয়ে চলে যাচ্ছেন এবং তিনি খুব আলো আছেন। বিএনপির আসল উদ্দেশ্য হচ্ছে খালেদা জিয়াকে অসুস্থ বানিয়ে রাখা ও দেখানো। রাজনৈতিক ফায়দা লাভের উদ্দেশ্যে বিএনপি সেটি সব সময় করে আসছে।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি একটি রাজনৈতিক দল তারা নির্বাচনে অংশ করবেন কি করবেন না সেটি তাদের সিদ্ধান্তের ব্যাপার। তবে আমি মনে করি গণমানুষের সংগঠন যদি ক্রমাগতভাবে নির্বাচনের বাইরে থাকে, নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে সে সংগঠন আর গণমানুষের সংগঠন থাকে না। সে সংগঠন একটি স্বার্থ রক্ষা করার জন্য একটি সংগঠনে দাঁড়ায়।
তিনি বলেন, বিএনপি তাদের স্বার্থ রক্ষার জন্য একটি লাঠিয়াল বাহিনী হিসেবে থাকুক এটিই চায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সে কারণেই বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে চান না। এখন বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে বিএনপি কি সাত সমুদ্র তের নদীর ওপাড়ে বসে থাকা কারো লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহৃত হবে না কি বিএনপি রাজনৈতিক দল হিসেবে টিকে থাকবে।



