বাজার তদারকি ৮৮ প্রতিষ্ঠানকে ৭ লাখ ৩২ হাজার টাকা জরিমানা

ঢাকা, ২৫ ভাদ্র (৯ সপ্টেম্বের) :  জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়ের ৩৪ জন কর্মকর্তার নেতৃত্বে ঢাকা মহানগর, চট্টগ্রাম মহানগর, মাদারীপুর, ময়মনসিংহ, মানিকগঞ্জ, নরসিংদী, গাজীপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মুন্সীগঞ্জ, গোপালগঞ্জ, নেত্রকোণা, ফরিদপুর, ফেনী, কক্সবাজার, নোয়াখালী, খুলনা, বাগেরহাট, চুয়াডাঙ্গা, রংপুর, পঞ্চগড়, দিনাজপুর, কুড়িগ্রাম, রাজশাহী, জয়পুরহাট, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজারে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। তদারকিকালে ৮৮টি প্রতিষ্ঠানকে ৭ লাখ ৩২ হাজার টাকা জরিমানা করা হয়।

 ঢাকা বিভাগীয় কার্যালয় এবং ঢাকা জেলা কার্যালয়ের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ, বিমানবন্দর ও শাহবাগ এলাকায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। বাজার তদারকিকালে মেয়াদোত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রির অপরাধে সাথী এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা, মূল্যের তালিকা প্রদর্শন না করার অপরাধে টাঙ্গাইল মিষ্টি ঘরকে ৫ হাজার টাকা, টাঙ্গাইল পুষ্টি ঘরকে ৫ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে মদিনা হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা, ওয়ান্ডার ইন রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা ও মক্কা হোটেলকে ৫ হাজার টাকা, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে ওয়ান্ডার ইন কনফেকশনারিকে ২ হাজার টাকা, মুসলিম সুইটসকে ৩০ হাজার টাকা ও ভিশন ফার্মাকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

প্রধান কার্যালয় কর্তৃক বাণিজ্য মন্ত্রণালয়ের মোবাইল টিমের সাথে ঢাকা মহানগরীর হাতিরপুল এলাকায় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভাই ভাই স্টোরকে ২  হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে জাকির স্টোরকে ৫ হাজার টাকা, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে লোকনাথ স্টোরকে ৩ হাজার টাকা ও বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার টাকা, এছাড়া দেশব্যাপী ২৯টি বাজার তদারকি কার্যক্রমের মাধ্যমে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রয়, খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করা, ভেজাল পণ্য বা ঔষধ বিক্রয়, বাটখারা বা ওজন পরিমাপক যন্ত্রের কারচুপি, ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়, সেবা গ্রহীতার জীবন বা নিরাপত্তা বিপন্নকারী কার্যকলাপ, সেবা প্রদানে অবহেলা ইত্যাদি দ্বারা সেবাগ্রহীতার অর্থ, স্বাস্থ্য, জীবনহানি ইত্যাদি ঘটানো এবং পণ্যের মূল্যের তালিকা প্রদর্শন না করার অপরাধে ৬৮টি প্রতিষ্ঠানকে ৩ লাখ ৭২ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অন্যদিকে লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রি, প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অপরাধে ৭টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৫৭ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও আদায় এবং আইনানুযায়ী ৭ জন অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ হিসেবে ৩৯ হাজার ৩৭৫ টাকা প্রদান করা হয়।

সংশ্লিষ্ট জেলা প্রশাসন, জেলা পুলিশ, আর্মড পুলিশ ব্যাটলিয়ন, সিভিল সার্জন, মৎস্য কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, স্যানিটারি ইন্সপেক্টর, শিল্প ও বণিক সমিতির প্রতিনিধি এবং ক্যাবের সদস্যগণ এসব তদারকি কার্যক্রমে সহায়তা প্রদান করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।