× Banner

কূটনৈতিক প্রতিবেদক

বাংলাদেশের সঙ্গে ব্যবসায়িক যোগাযোগ আরও নিবিড় করতে চায় ভারত, পণ্য বয়কট আমলেই নিচ্ছে না

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
পুলিশ প্রধানের মধ্যে সংলাপ

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এবং ব্যবসায়িক যোগাযোগ আরও নিবিড় করতে চায় বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল বৃহস্পতিবারের ওই নির্বাচনী জনসভায় নরেন্দ্র মোদি কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার অর্থনৈতিক উন্নতির কথা বলতে গিয়ে ভারতীয় অর্থনীতিতে বাংলাদেশের গুরুত্ব তুলে ধরেন।

বাংলাদেশে যখন ভারতীয় পণ্য বয়কট কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে, ঠিক সেসময় বাংলাদেশ সীমান্ত ঘেঁষা ভারতের কোচবিহারে এক নির্বাচনী জনসভায় এ কথা জানান নরেন্দ্র মোদি। তিনি বলেন, উত্তর-পূর্ব ভারতের মতোই উত্তরবঙ্গেও আরও বেশি উন্নতি করার সুযোগ আছে। আমরা পুরো এলাকার এবং এখানকার মানুষের জীবনেরও উন্নতি করতে চাইছি। সেই সঙ্গে আমরা চাইছি বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধি করতে। দু দেশের মধ্যে দ্বিপাক্ষিক এবং বাণিজ্যিক সম্পর্ক যাতে আরও মজবুত হয় সেটাও দেখা হচ্ছে। আমরা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য আরও সহজ করতে চাচ্ছি। দুই দেশের মধ্যে আইনি পথে যাতায়াত যাতে আরও সহজ করা যায় সবসময় সেই চেষ্টাও করা হচ্ছে।

এদিকে বাংলাদেশে ভারতীয় পণ্য বয়কটের বিষয়টি নরেন্দ্র মোদি সম্পূর্ণ এড়িয়ে গেলেও তার এমন বক্তব্যে পরিষ্কার যে, ভারত বাংলাদেশে পণ্য বয়কটের বিষয়টি আমলেই নিচ্ছে না। অন্যদিকে প্রধানমন্ত্রীর কোচবিহার সফরের পরে ওইদিন বিকেলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে পণ্য বয়কট প্রসঙ্গে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, বাংলাদেশে ভারতীয় পণ্য বর্জনের ডাক দুই দেশের সম্পর্কের গভীরতা নষ্ট করতে পারবে না। ভারত-বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত গভীর এবং শক্তিশালী। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।

তিনি বলেন, দু’দেশের সম্পর্কের ব্যপ্তি অত্যন্ত গভীর এবং অত্যন্ত শক্তিশালী। অর্থনীতির সর্বত্র এর ব্যাপ্তি। বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন, যোগাযোগ– সব ক্ষেত্রেই সম্পর্ক ছড়িয়ে পড়েছে। মানুষের সঙ্গে মানুষের যোগাযোগও বেড়ে চলেছে। জীবনের এমন কোনো দিক নেই, যেখানে দু’দেশের সম্পর্কের ছোঁয়া পাওয়া যাবে না। তিনি বলেন, এই সম্পর্ক প্রাণবন্ত। দু’দেশের এই সম্পর্ক আগামী দিনেও এমনই থাকবে।

বাংলাদেশের বিরোধী দলের শীর্ষস্থানীয় বেশকিছু নেতা ভারতীয় পণ্য বর্জনের কর্মসূচিকে খোলাখুলি সমর্থন জানিয়েছেন। এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে বাংলাদেশের সঙ্গে কোনো রকম আলোচনা হয়েছে কিনা কিংবা বয়কটের জেরে ভারতীয় অন্য রপ্তানির ক্ষেত্রে ঘাটতি তৈরি হয়েছে কিনা– এমন প্রশ্নের কোনো উত্তর দেননি মুখপাত্র রণধীর জয়সোয়াল। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র এটা নিশ্চিত করেছে, ভারত বাংলাদেশে তাদের পণ্য বয়কটের বিষয়টি আমলেই নিচ্ছে না।


এ ক্যটাগরির আরো খবর..