বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার গাবতলীর বিশাল দেহাকৃতির ‘রাজাবাবু’ দাম হাঁকা হয়েছে ১০ লাখ টাকা। প্রায় ২৭ মণ ওজনের ষাঁড়টি ফ্রিজিয়ান জাতের। আশ-পাশের উপজেলা দূরের কথা বগুড়ায় সর্বোচ্চ বড় গরুর মধ্যে রাজাবাবু অন্যতম।
বগুড়ার গাবতলী উপজেলার উঞ্চুরকি পূর্বপাড়া (সোনাহাটা বাজার সংলগ্ন) গ্রামের শহীদুল ইসলাম ষাঁড়টির জন্মের পর থেকে ৩ বছর ৩ মাস ধরে তার নিজ বাড়িতেই লালন-পালন করে আসছেন। পরিবারের সদস্যরা আদর করে ষাঁড়টির নাম রেখেছেন ‘রাজাবাবু’। অনেক সময় শুধু রাজা কবলেও ডাকা হয় ষাঁড়টিকে। ষাঁড়টির দাম হাঁকা হয়েছে ১০ লাখ টাকা। বাড়িতেই সাড়ে ৪ লাখ টাকা দাম করেছেন এক ক্রেতা। কিন্তু মালিক শহীদুল ইসলাম ষাঁড়টি এ দামে ছাড়তে নারাজ।
তার দাবি, এ দামে বিক্রি করলে লাভ তো দূরের কথা, উল্টো লোকসান গুনতে হবে। কোরবানির ঈদ আসতে এখনো কিছুদিন বাকি রয়েছে। তাই ষাঁড়টিকে দেখে-শুনে বিক্রি করতে চান তিনি।
দি নিউজের নিজস্ব সংবাদদাতা সোমবার (১২ জুলাই) দুপুরে সরেজমিনে গিয়ে দেখেন, গোয়াল থেকে বাড়ির উঠোনে কিছু সময়ের জন্য বের করা হয়েছে (রাজাবাবু) ষাঁড়টিকে। বিশাল দেহী হয়েও বেশ শান্তশিষ্ট রাজাবাবু। গরুটিকে দেখার জন্য প্রায় প্রতিদিনই দূর-দূরান্ত থেকে লোকজন ভিড় জমায় শহীদুলের বাড়িতে।
শহীদুল ইসলাম জানান, তিনি পেশায় একজন কৃষক। জমিতে ফসল চাষাবাদের পাশাপাশি তিনি এ ষাঁড়টিকে জন্মে পর থেকে বাড়িতেই প্রায় সাড়ে তিন বছর ধরে লালন-পালন করে আসছেন। পরিবারের সদস্যের মতো তিনি আদর ও যত্নে বড় করেছেন রাজাবাবুকে। সময় মতো তিনবেলা খাবার (ভূসি, ভূট্টার আটা, ধানের গুঁড়া, নেপিয়ার ঘাস) সঠিক সময়ে খাওয়াচ্ছেন। তিনি নিজেই ২১ শতক জমিতে নেপিয়ার ঘাস চাষ করেছেন রাজাবাবুকে খাওয়ানোর জন্য। এরপরেও গরুটির খাদ্য চাহিদা মেটাতে বাজার থেকে কিনতে হয় নেপিয়ার ঘাস। তার রাজাবাবু একদম গরম সইতে পারে না। রাজাবাবুর মাথার ওপর ২৪ ঘণ্টাই ফ্যান চালানো থাকে। আর দিনে দুইবার গোসল করানো হয় রাজাবাবুকে।

তিনি বলেন, সবমিলিয়ে গরুটির পেছনে তার এ পর্যন্ত প্রায় ৪ লাখ ৩৫ হাজার টাকার মতো ব্যয় হয়েছে। তাই ষাঁড়টির দাম হাঁকা হয়েছে ১০ লাখ টাকা। একজন ক্রেতা সর্বোচ্চ ৪ লাখ ৫৫ হাজার টাকা পর্যন্ত দাম করেছেন।
তিনি আরও বলেন, বিশাল দেহী ষাঁড়গুলো হাটে তোলা বেশ কষ্টকর হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত বাজারদর অনুসারেই বিক্রি করতে চান তার রাজাবাবুকে। তবে বাজার যাচাই করেই বিক্রি করবেন তিনি। এতে লাভ-লোকসান যাই হোক না কেন, মেনে নেবেন। কারণ শখের বশে পাললেও তিনি অনেক টাকা ব্যয় করেছেন বাজাবাবুর পেছনে।
এদিকে গরুটিকে নিয়ে কিছুটা দুশ্চিন্তায় রয়েছেন শহীদুল ইসলাম। কেননা করোনা পরিস্থিতিতে মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন। বড় গরু কেনার মতো সচরাচর ক্রেতা ও পাইকার মিলছে না। অন্যদিকে স্বাস্থ্যবিধির কোনো বালাই না থাকায় বিশাল আকারের গরুটি নিয়ে স্থানীয় হাটেও যাওয়া সম্ভব হচ্ছে না।
তিনি আরও বলেন, এখন করোনা পরিস্থিতিতে রাজাবাবুর মতো বড় ধরনের গরু নিয়ে কোনো খামারি যদি সমস্যায় পড়েন তাহলে তারা আমাদের জেলা ও উপজেলা কার্যালয়ে আসতে পারেন বা যোগাযোগ করলে আমাদের লোক তাদের কাছে পৌঁছে যাবে। এক্ষেত্রে ওই গরুর ছবি, ভিডিও ক্লিপ, গরুর বয়স, ওজন ও খামারির ঠিকানা দিয়ে আমরা অনলাইন মার্কেটে আপলোড দেবো। এতে খুব সহজেই তার গরুটি বিক্রির সম্ভাবনা রয়েছে। বগুড়ায় কোরবানিযোগ্য ছোট-বড় গবাদিপশু ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে। আবার বিভিন্ন জেলার পশুও এ জেলায় আসবে এমন মন্তব্যও করেন এই কর্মকর্তা।
জেলা প্রাণিসম্পদ অধিদফতর কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে জেলার মোট ১২টি উপজেলার ৪০ হাজার ৮শ’ ৯ জন খামারি মোট ৩ লাখ ৭৬ হাজার ৫শ’ ৭৭টি গবাদিপশু কোরবানিযোগ্য করে তুলেছেন। এর মধ্যে সদর উপজেলায় ৪০ হাজার ৫০৩টি, গাবতলীতে ৩১ হাজার ৪৪৫টি, সারিয়াকান্দিতে ৩৪ হাজার ৫৫৭টি, সোনাতলায় ২৫ হাজার ৭৪৭টি, শিবগঞ্জে ৪১ হাজার ৪৩টি, কাহালুতে ২৬ হাজার ৫৭৮টি, দুপচাঁচিয়ায় ৩০ হাজার ১৬৪টি, আদমদীঘিতে ২৫ হাজার ৮১২টি, নন্দীগ্রামে ২২ হাজার ২৭২টি, শেরপুরে ৩৯ হাজার ৯৫০টি, ধুনটে ৩২ হাজার ৫৮৮টি এবং শাজাহানপুর উপজেলায় ২৫ হাজার ৯১৮টি গবাদিপশু রয়েছে। এ পশুগুলোর মধ্যে গরু (ষাঁড়, বদল ও গাভী) ২ লাখ ৫০ হাজার ৮শ’ ৫২টি, মহিষ ২ হাজার ৮শ ১৩টি, ছাগল ১ লাখ ৩ হাজার ২শ’ ৫২টি এবং ভেড়া ১৯ হাজার ৬শ’ ৬০টি।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রফিকুল ইসলাম তালুকদার বলেন, বগুড়ায় অনলাইনে পশু বিক্রির জন্য ফেসবুক পেজ খোলা হয়েছে। সোমবার রাত থেকে এটির কার্যক্রম শুরু। ফেসবুকের পেজটি ন্যাশনাল ওয়েব পোর্টালের সঙ্গে সংযুক্ত থাকবে। এর মাধ্যমে খামারিদের সঙ্গে পশু বিক্রেতা ও ক্রেতাদের যোগাযোগ করিয়ে দেওয়ার কার্যক্রম চলবে। পশু খামারিদের সঙ্গে জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ কার্যালয়ের মাধ্যমে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখার চেষ্টা করছি।



