মেহের আমজাদ, মেহেরপুরঃ মেহেরপুরে ৩৬ টি পূজা মন্ডপের প্রতিমা বিসর্জনের মাধ্যমে গতকাল শুক্রবার শেষ হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ভক্ত-পূণ্যার্থীদের হৃদয়ে অভয় বার্তা দিয়ে দুর্গতিনাশিনী, মহাশক্তির দেবী দুর্গা ফিরে গেছেন। ভক্তরা চোখের জলে বিদায় জানান মা দুর্গাকে। এরপর শান্তির জল গ্রহণের মধ্য দিয়ে শেষ হয় পাঁচ দিনব্যাপী দুর্গাপূজা। আর এই বিসর্জনের মধ্য দিয়ে দুর্গতিনাশিনী দেবী দুর্গা প্রতিমা থেকে নিরাকার রূপ ধারণ করেন। আসন নেন ভক্তদের হৃদয়ে। বিশ্ব চরাচরকে আসুরিক শক্তির প্রভাব থেকে মুক্ত করেন দেবী দুর্গা এমনটিই মনে করেন সনাতনীরা।
শুক্রবার বিকেল থেকে মেহেরপুর শহরের শ্রী. শ্রী সিদ্বেশরী কালী মন্দীর, নায়েববাড়ি, মালোপাড়া, হরিসভা সভা, বামনপাড়া পূজা মন্ডপ ও মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নে দাসপাড়া, মোনাখালী ইউনিয়নে কালী মন্দীর ও শিব মন্দীর, দারিয়াপুর ইউনিয়নে দাসবাড়ী এবং মহাজনপুর ইউনিয়নে মহাজনপুর সার্বজনীন দূর্গ পূজামন্ডপ ও কোমরপুর সার্বজনীন দূর্গ পূজামন্ডপ সহ জেলার ৩৬ টি পূজা মন্ডপের প্রতিমা ভৈরব ও কাজলা নদীতে বিসর্জন দেয়া হয়।
এদিকে বিকেল থেকে সাজ সাজ রবে দেবীর অভয়বাণী ধারন করে পায়ে হেটে, রিক্সায় চড়ে নেচে-গেয়ে এগিয়ে চলতে থাকে দূর্গা পূজার বিজয়ী শোভাযাত্রা। ট্রাকে অথবা ভ্যানে পথে পথে শত শত মানুষের সাধুবাদ ও কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে দেবী দূর্গাকে নিয়ে যাওয়া হয় বিসর্জনস্থলে। যেখানে যেখানে প্রতিমা বিসর্জন দেওয়া হয়, উচ্ছ্বাসের মাত্রা আরও তীব্রতর হয় সেখানেও। উচ্ছ্বাস দেখতে সে স্থানগুলোতে নামে হাজারো মানুষের ঢল। পর্যায়ক্রমে ঘাটে প্রতিমা নামানোর সময় ঘণ্টা, উলুধ্বনি ও ঢাকা-ঢোলের আনন্দ-উল্লাসে বিসর্জনস্থল পায় ভিন্ন মাত্রা। প্রতিমা বিসর্জন দিয়ে ফিরে আসার দৃশ্য শোকাবহ আর প্রতিমা বিসর্জন দিতে যাওয়ার সময় উল্লাসের চিত্রই যেন পাল্টে যায় ক্ষনিকের মধ্যে। আনন্দ-উল্লাসের এ সন্ধিক্ষণে দাঁড়িয়ে উপস্থিত দর্শনার্থীদের কড়ানাড়ে এক অন্য চিন্তা। অন্যের বিশ্বাসের প্রতি গভীর শ্রদ্ধাবোধ। শান্তিপূর্ন পরিবেশে দেবীকে বিসর্জন দিতে পেরে খুশি হিন্দু সম্প্রদায়ের মানুষ।