পুলিশের অনুমতি না পাওয়ায় পেছাল সিলেটের জামায়াত সমাবেশ

পুলিশের অনুমতি না পাওয়ায় পেছাল সিলেটের জামায়াত সমাবেশ

পুলিশের অনুমতি না পাওয়ায় সিলেট মহানগর জামায়াত ইসলামীর সেই সমাবেশ পিছিয়ে ২১ জুলাই সিলেটের রেজিস্ট্রারি মাঠে ফের জনসভার ঘোষণা দিয়েছে।

১৫ জুলাই শনিবার দুপুরে সিলেট নগরের বন্দরবাজার এলাকায় সংগঠনের কার্যালয়ে সংবাদ সম্মেলন জনসভার নতুন তারিখ ঘোষণা করেন মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে জামায়াত ইসলামী সিলেট মহানগরে আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, ১০ দফা দাবিতে আজ শনিবার বেলা ২টায় জামায়াতের শান্তিপূর্ণ সমাবেশ হওয়ার কথা ছিল। কিন্তু শুক্রবার রাতে মহানগর পুলিশের পক্ষ থেকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। বিষয়টি মৌখিকভাবে অবহিত করা হয়েছে। কিন্তু কোন কারণে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি, সে বিষয়টি পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি। জাতির চরম ক্রান্তিলগ্নে পুলিশ প্রশাসনের এমন সিদ্ধান্তে সিলেটবাসী বিস্মিত, হতবাক এবং জনগণ গভীরভাবে উদ্বিগ্ন। এর মাধ্যমে দেশে নাগরিক অধিকার, গণতন্ত্র ও আইনের শাসন বলে কিছু নেই, সেটি আরেকবার প্রমাণ হলো।

লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে জামায়াতকে মাঠে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে দেওয়া হচ্ছে না। এরপরও জামায়াত রাজনৈতিক এবং সামাজিক কর্মকা- নিয়ে সদা সক্রিয়। আজ শনিবার রেজিস্টারি মাঠে সমাবেশের জন্য ৫ জুলাই সিলেট মহানগর পুলিশ কমিশনারের কাছে লিখিত আবেদন করা হয়েছিল। শান্তিপূর্ণ সমাবেশ সফল করতে পুলিশের সহযোগিতা কামনা করা হয়েছিল। সমাবেশের জন্য প্রচার প্রচারণা চালানো হয়। ১২ জুলাই দলের পক্ষ থেকে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। তখনো অনুমতি দেওয়া হবে না বলে কোনো কিছু জানানো হয়নি। বরং আশ্বস্ত করা হয়েছিল আবেদন বিবেচনায় রয়েছে। গতকাল শুক্রবার রাতে মৌখিকভাবে জানানো হয়, সমাবেশের অনুমতি দেওয়া হচ্ছে না।

পুলিশের এমন সিদ্ধান্তে হতভম্ব হয়েছেন জানিয়ে ফখরুল বলেন, কিসের ভিত্তিতে অনমুতি দেওয়া হয়নি, সেটি আমাদের জানানো না হলেও বিভিন্ন সংবাদমাধ্যমে পুলিশের বরাত দিয়ে বলা হয়েছে, নাশকতার আশঙ্কা থেকে অনুমতি দেওয়া হয়নি। সম্প্রতি রাজধানীতে দলের সমাবেশ নিয়ে এরূপ আশঙ্কা করেছিল পুলিশ। কিন্তু জামায়াত শান্তিপূর্ণভাবে সে সমাবেশ সফলের মাধ্যমে প্রমাণ করেছে নাশকতার সঙ্গে জামায়াতের কোনো সংশ্লিষ্টতা নেই।

জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের সমঝোতার গুঞ্জনের বিষয়ে এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফখরুল ইসলাম বলেন, বিষয়টি অসত্য, বানোয়াট, বিভ্রান্তিমূলক। জাতিকে বিভ্রান্তি করার জন্য জামায়াতের ইমেজকে নষ্ট করার জন্য একটি অপকৌশল এবং এটি উদ্দেশ্যপ্রণোদিত হয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা এটি প্রচার করছেন।

এরআগে নির্ধারিত স্থান পুলিশের বাঁধার মুখে সংবাদ সম্মেলনও করতে পারেনি তারা। শনিবার দুপুর ১২টার দিকে নগরীর আল হামরা শপিং সেন্টারের রচিমন্ডে সংবাদ সম্মেলন করার কথা ছিলো সিলেট মহানগর জামায়াতে ইসলামীর। পরে নগরীর বন্দরবাজারের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলটি। তবে পুলিশ বাঁধা দেওয়ার বিষয়টি অস্বীকার করেছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জামায়াতের সিলেট মহানগর নায়েবে আমির মাওলানা সোহেল আহমদ, মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী, জেলা দক্ষিণের সেক্রেটারি নজরুল ইসলাম, মহানগর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।