× Banner
সর্বশেষ
মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষা সহায়তা ট্রাস্ট গঠন প্রশংসনীয় – তথ্য প্রতিমন্ত্রী অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে – অর্থমন্ত্রী দেশে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩ প্রধানমন্ত্রীর নির্দেশে গাজীপুরের রাজাবাড়ী-দমদমা সড়ক পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা জুলাই শহীদদের আত্মত্যাগ স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ – প্রধানমন্ত্রী প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী বেনাপোল পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় যুবদল নেতা ইমদাদুল হক ইমদাদ সমবায়ীদের উৎপাদিত পণ্য রপ্তানির উদ্যোগ নেওয়ার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

পাকিস্তানে ফিরছেন আমির!

admin
হালনাগাদ: শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক: বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগে দারুণ পারফর্ম করছেন পাকিস্তানের মোহাম্মদ আমির। শিগগিরই আবার জাতীয় দলের দরজাও খুলে যেতে পারে তার। এমন ইঙ্গিতই দিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান।

শুধু পিসিবি চেয়ারম্যানই নন, পাকিস্তানের বর্তমান কোচ ওয়াকার ইউনিসও আমিরের জাতীয় দলে ফেরার ব্যাপারে ইতিবাচক। শাহরিয়ার খান আর ওয়াকার- দুজনই আমিরের ভূয়সী প্রশংসা করেছেন। লাহোরে ওয়াকার ও প্রধান নির্বাচক হারুন রশিদের সঙ্গে বৈঠকের পর শাহরিয়ার খান বলেন, ‘আমরা আমিরকে বিবেচনা করতে পারি। আমরা দলের সিনিয়র ক্রিকেটার এবং আমিরকে ডাকব। সেখানে সবার সামনে আমিরকে বলব, তাকে অবশ্যই ভদ্রতা ও নম্রতা বজায় রাখতে হবে।’

সঙ্গে শাহরিয়ার খান যোগ করেন, ‘গত চার-পাঁচ মাস ধরে সে (আমির) দারুণ পারফর্ম করছে। সে আমাদেরকে জাতীয় দলে পুনরায় বিবেচনার বার্তাই দিচ্ছে। যদি কোচ ও নির্বাচকরা তার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেন তাহলে বোর্ড অব গভর্নরসকে অবহিত করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’

আমিরকে জাতীয় দলে ফেরানোর ব্যাপারে একমত ওয়াকারও, ‘আমিরকে বিপিএলে খেলার অনুমতি দেওয়া হয়েছে। সে এখন খুবই ভালো ফর্মে আছে। যা ইতিমধ্যে প্রমাণও হয়েছে। আইসিসি ও পিসিবিকে দেখিয়েছে, সে সঠিক পথেই রয়েছে। তাই তাকে আরেকটি সুযোগ দেওয়া উচিত।’

যদিও পাকিস্তান দলের কিছু খেলোয়াড়ই আমিরকে আবার জাতীয় দলে ফেরানোর পক্ষে নন। কদিন আগে তো মোহাম্মদ হাফিজ সরাসরিই বলে দিয়েছেন, আমির যে দলে খেলবেন সেখানে তিনি খেলবেন না।

তবে বর্তমানে সীমিত ওভারের ক্রিকেটে পাকিস্তানের সময়টা মোটেই ভালো যাচ্ছে না। শেষ চারটি ওয়ানডে সিরিজের দুটিতেই হেরে যায় তারা। টি-টোয়েন্টিতেও বাজে অবস্থা। সামনেই আবার টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফলে শিগগির পাকিস্তান দলে ডাক পেতেও পারেন বিপিএলে প্রথম আট ম্যাচে ১১ উইকেট নেওয়া আমির।

উল্লেখ্য, ২০১০ সালে লর্ডস টেস্টে ফিক্সিং কেলেঙ্কারির দায়ে মোহাম্মদ আসিফ ও সালমান বাটের সঙ্গে পাঁচ বছর নিষিদ্ধ হয়েছিলেন আমির। গত সেপ্টেম্বরে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার পর আবার খেলায় ফিরেছেন।


এ ক্যটাগরির আরো খবর..