ভারতের সঙ্গে ৩টি যুদ্ধ করতে গিয়ে পাকিস্তানের যথেষ্ট শিক্ষা হয়েছে – শেহবাজ শরীফ

ভারতের সঙ্গে ৩টি যুদ্ধ করতে গিয়ে পাকিস্তানের যথেষ্ট শিক্ষা হয়েছে – শেহবাজ শরীফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সংবাদপত্রে দেওয়া সাক্ষাৎকারে কোনো রাখঢাক না করেই বলেছেন, “ভারতের সঙ্গে তিনটি যুদ্ধ করতে গিয়ে পাকিস্তানের যথেষ্ট শিক্ষা হয়েছে। এখন দুই দেশের হাতে পরমাণু অস্ত্র আছে। তাই আর সংঘাত নয়, দরকার আলোচনা। সংযুক্ত আরব আমিরাত পাকিস্তানের ভাতৃসম দেশ। ভারতের সঙ্গেও ওদের খুব ভালো সম্পর্ক আছে। তাই তারা দুই দেশকে আলোচনার টেবিলে নিয়ে আসতে পারে। আমি কথা দিচ্ছি, আমি অত্যন্ত গুরুত্ব দিয়ে অর্থবহ আলোচনা করব। আমরা আর বোমা, গোলাবারুদের উপর খরচ করতে চাই না। আমাদের হাতে পরমাণু বোমা আছে। আর যুদ্ধ হলে আমরা কেউই বেঁচে থাকব না।”
পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, “ভারত আমাদের প্রতিবেশী দেশ। বিষয়টি এমন নয় যে, আমরা নিজেদের পছন্দমতো প্রতিবেশী হয়েছি। কিন্তু ঘটনা হলো, আমাদের প্রতিবেশী থাকতে হবে। এটাও ঘটনা, আমরা শান্তিতে থাকব না ঝগড়া করব, তা আমাদেরই হাতে। আমরা ভারতের সঙ্গে তিনটি যুদ্ধ করেছি। তার ফলে মানুষের অবস্থা খারাপ হয়েছে। মানুষ আরও গরিব ও বেকার হয়েছে। আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতীয় নেতৃত্বকে এই বার্তা দিতে চাই, আসুন আলোচনার টেবিলে বসি। কাশ্মীর সমস্যা নিয়ে প্রকৃত ও অর্থবহ আলোচনা করি। আমরা ঝগড়া করে একে অন্যের সময় ও সম্পদ নষ্ট করব, না-কী শান্তিতে থাকব – সেই সিদ্ধান্ত আমাদেরই নিতে হবে।”
ভারত ও পাকিস্তানের মধ্যে আলোচনা দীর্ঘদিন ধরে বন্ধ। ভারতের বক্তব্য হলো, পাকিস্তান একদিকে জঙ্গিদের সাহায্য করে, প্রশিক্ষণ দেয়, অন্যদিকে আলোচনা চালানোর কথা বলে, এর কোনো অর্থ হয় না। শেহবাজ শরীফের এই মন্তব্য নিয়ে ভারত সরকারিভাবে কোনো মন্তব্য করেনি।
তবে শেহবাজ শরীফের সাক্ষাৎকারের পর তার মুখপাত্র টুইট করে বলেছেন, “কাশ্মীর প্রসঙ্গে শরীফের মতবদল হয়নি। তিনি চান, জাতিসংঘের প্রস্তাব মেনে এবং জম্মু ও কাশ্মীরের জনগণের আশাআকাঙ্খার কথা মাথায় রেখে সমস্যার সমাধান করতে হবে।”
পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষক শাহবাজ চৌধুরী নিউ এক্সপ্রেস ট্রিবিউনকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, “ভারতের হাতে এখন ছয়শ বিলিয়নের বেশি বিদেশি মুদ্রার ভাণ্ডার আছে, পাকিস্তানের হাতে আছে মাত্র চার দশমিক পাঁচ বিলিয়ন ডলারের রিজার্ভ। কৃষি উৎপাদনে ভারত বিশ্বে সেরা। পক্ষান্তরে পাকিস্তানে আর্থিক সংকট চরম আকার ধারণ করেছে। জ্বালানি পাওয়া যাচ্ছে না। আটা ও ময়দার মতো জিনিসও বাজার থেকে উধাও হয়ে যাচ্ছে। মানুষের ক্ষোভ বাড়ছে। তেহরিক-ই-তালেবান বারবার আক্রমণ করে যাচ্ছে। ভারত এখন বিশ্বের কাছে অত্যন্ত প্রাসঙ্গিক একটি দেশ। যুক্তরাষ্ট্র ও রাশিয়া উভয়ই, ভারতের সঙ্গে সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চাইছে।”
প্রতিরক্ষা বিশেষজ্ঞ অলোক বনশল এএনআইকে জানিয়েছেন, “পাকিস্তানে এখন ভয়ংকর অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট চলছে। পাকিস্তানের রাজনৈতিকেরা বুঝতে পারছেন, ভারতের সঙ্গে অযথা লড়াই করে কোনো লাভ নেই। কিন্তু পাকিস্তানের নীতিনির্ধারণী সিদ্ধান্ত সমূহ রাজনৈতিক নেতৃত্ব নেয় না। সেনা ও আইএসআই নেয়। তাই কী হবে তা বলা যাচ্ছে না। তবে শাহবাজ শরীফের সঙ্গে সেনার সম্পর্ক আগের প্রধানমন্ত্রীদের থেকে ভালো।”

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।